করোনা নিয়ে আজগুবি আলোচনা
পাড়া-মহল্লায় চায়ের দোকানে তুমুল আড্ডা
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১২:৪৩ পিএম
বিশেষ প্রতিনিধি : ‘এটা বিদেশী ভাইরাস। আমাগো দেশে কোন ঔষধ নাই। বিদেশীরা আমাগো কাছে ঔষধ বিক্রি করার জন্যই করোনা ছড়াইয়া দিছে।’ করোনা নিয়ে পাড়া মহল্লার অলিগলিতে আলোচনার ঝড় বইছে। চায়ের দোকানও বেশ জমজমাট। চায়ের দোকানি চা বিক্রি করে কুলোতে পারছেন না।
চা খাওয়া হচ্ছে আর করোনা নিয়ে যত চলছে যত আজগুবি গল্প। মসজিদে জামায়াত সীমিত হলেও আজান পড়ার সঙ্গে সঙ্গে একদল লোক দেওভোগ পানিরট্যাংকী এলাকায় নামাজ শেষে আবার চায়ের দোকানে আড্ডা মারছেন।
এই এলাকার চিত্রটির মতো হাজারো চিত্র এই শহরে বিরাজ করছে। এ কারণে দিন দিন প্রাণঘাতী করোনা বেড়েই চলেছে। সরেজমিনে কয়েকটি মহল্লায় এমন দৃশ্য দেখাগেছে।
দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সতেরো দিন পরে সংক্রমণ ঠেকাতে দশ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু সরকার যে উদ্দেশ্য নিয়ে ছুটি ঘোষণা করেছে পাড়া মহল্লায় সেই উদ্দ্যেশের কোন বালাই নেই।
সামাজিক দূরত্ব রক্ষা করছেন না অধিকাংশ মানুষ। গাদাগাদি করে চায়ের দোকানে চা খাচ্ছেন। আড্ডা মারছেন চুটিয়ে। কাজের কোন চাপ নেই। তাই অফিস আদালতের চিন্তাও তাদের মাথায় নেই। করোনার আলাপ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
করোনার মধ্যে আবার ধর্ম টেনে এনে এটাকে বিধর্মীরা ছড়িয়ে দিয়েছেন এমন কথাও বলা হচ্ছে। কি সব আজগুবি গল্প! সরকারের ঘোষণা তাদের কানেই যাচ্ছে না। নানা জন নানা ছলে বাজারে যাওয়ার নামে আড্ডায় বসে যাচ্ছেন।
বেলা দুইটার পর থেকে দোকানপাট সব বন্ধ করার নির্দেশ অনেকেই অমান্য করে গলি ঘুপচিতে দোকান খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যা কি না করোনাভাইরাস ছড়ানোর জন্য মারাত্মক ঝুঁকি।
বড় রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যান্ড মাইক নিয়ে ঘোষণা করছেন সবাইকে ঘরে থাকার জন্য। কিন্তু কে শোনে কার কথা। বড় রাস্তায় কোন আড্ডা নেই। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছেন মানুষ জন ঘরেই অবস্থান করছেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রতিটি পাড়া মহল্লায় এত অলি গলি রয়েছে যা আমাদের পক্ষে কভার করা সম্ভব না। মানুষ যদি সরকারের নির্দেশ না মানেন-আমরা কিভাবে তাদের বাধ্য করব।
১৬ কোটি মানুষের দেশে অল্প কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘরে ঢুকিয়ে দিতে পারবে না। মানুষের সচেতনতা তৈরি না হলে কঠোর হয়েও কোন লাভ হবে না। এক প্রকার অসহায়ের মতো তিনি কথাগুলো বলছিলেন।
দেওভোগ মাদ্রাসার মোড়েই তার সঙ্গে কথা হচ্ছিল। কিছু পুলিশ রিক্সা নিয়ন্ত্রণ করার কাজ করছিলেন তখন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রিক্সাওয়ালাদের ওপর আইন প্রয়োগ করছি।
কিন্তু শহরে প্রাইভেটকার তো শাঁ শাঁ করে চলে যাচ্ছে-তাদের তো নিয়ন্ত্রণ করতে পারছি না। তবে গত দুই দিন ধরে প্রাইভেট গাড়িওয়ালাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথা বার্তা যৌক্তিক হলে ছেড়ে দেয়া হচ্ছে। আর সন্দেহজনক মনে হলেই মামলা করছি।
আগামী দিনে আরও কঠোর না হলে মানুষকে ঘরে ঢুকানো সম্ভব হবে না। দেশের মানুষ এতটা সভ্য হয়ে ওঠেননি। তারা সরকারের একটা প্রজ্ঞাপনকে মেনে ঘরবন্দী হবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটিতে শহরের মেইন সড়কগুলো ফাঁকা থাকলেও, অলিগলি, পাড়া মহল্লায় একেবারেই ভিন্ন চিত্র। কোথাও কোথাও ফাঁকা রাস্তায় তরুণরা ক্রিকেট খেলার কসরত করে।
সরকারের পক্ষ থেকে বারবার বাড়িতে থাকার অনুরোধ জানানো হলেও অনেক মানুষ তা মানছেন না। সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঁচাবাজার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরী সেবা চালু রাখা হয়েছে।
করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য সামরিক বাহিনী মাঠে নেমেছে। তারা জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করছেন ঘরে থাকার জন্য।
সারাদেশে সাধারণ ছুটি ঘোষণায় আরও বলা হয়েছে (স্বাধীনতা দিবস ও সরকারী ছুটিসহ) ২৫ এপ্রিল পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে। এর আওতায় সীমিত আকারে সরকারী অফিসসমূহ পরিচালিত হবে।
কর্মকর্তা কর্মচারীগণ অনলাইনে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করবেন এবং অফিস কার্যক্রম সম্পন্ন করবেন। এ সময়ে বাস, ট্রেন, লঞ্চ অত্যন্ত সীমিত আকারে চলাচল করবে। এছাড়াও বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।


