স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): করোনা উপসর্গ নিয়ে নগরীর চাষাঢ়া ও টানবাজার এলাকায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার ১২ এপ্রিল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার বাসিন্দা কালিপদ সাহা। এর আগের দিন ১১ এপ্রিল শনিবার দিনগত রাত ৩ টার দিকে শহরের টানবাজার এলাকার সুজন সাহা মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের চাষাঢ়া শহীদ জিয়া হল মার্কেটের সাবিত্রী ফার্মেসীর মালিক কালিপদ সাহা কয়েকদিন ধরেই জ্বর ঠান্ডায় ভুগছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায়ও ভুগছিলেন তিনি। চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার বাবুল পোদ্দারের বাড়িতে ভাড়া থাকতেন। রোববার সকালে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
অন্যদিকে শহরের টানবাজার এলাকার বাসিন্দা গার্মেন্টস কর্মকর্তা সুজন সাহা গত ৩-৪ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।
শনিবার রাতে তাকে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে অন্যান্য উপসর্গ না থাকায় তাকে বাসায় নিয়ে যেতে বলা হয়। পরে রাতে শ্বাসকষ্ট দেখা দিলে রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। রোববার সকালে মৃতদেহ থেকে করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
পরে নতুন পালপাড়ার রিপন ভাওয়ালের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিম ঘটনাস্থলে এসে মৃতের মরদেহ উদ্ধার করে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ শ্মশানে সৎকার করেন ।


