বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ও লে-অফ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৮:৪৩ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ও লে-অফ ঘোষণা অভিযোগে বিক্ষোভ করেছেন ওই কারখানার শ্রমিকেরা।
রোববার (১২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার সস্তাপুর এলাকায় এ্যাবলুম নিট ডিজাইন লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
শ্রমিকদের অভিযোগ, গত ২৪ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ৫ এপ্রিল আবারও চালু হওয়ার পর দুপুরে বন্ধ করে দেওয়া হয় এবং ১২ এপ্রিল বেতন পরিশোধ করা হবে বলে আমাদের কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেন। কিন্তু রোববার সকালে মার্চ মাসের বেতনের জন্য কারখানায় আসলে গেটের সামনে দেখি ২৬ এপ্রিল পর্যন্ত কারাখানা বন্ধের নোটিশ ঝোলানো। আমাদের আরো জানানো হয় যে এক বছরের নিচে যাদের কারখানায় যোগদানের সময় তাদের সামনের মাস থেকে কোনো বেতন দেওয়া হবে না।
শ্রমিকরা জানান, আমাদের চলতে এমনিতেই কষ্ট হয়। তার ওপর মার্চ এর বেতন দিবে কিনা ঠিক নাই তারওপর সামনের মাসগুলোতে বেতন না দিলে চলবো কেমনে? আমাদের তো এখন না খেয়ে দিন কাটাতে হবে।
একইদিন রোববার সদর উপজেলার ফকির নিটওয়্যার কারখানার ৫ শতাধিক শ্রমিককে চাকরি থেকে ছাঁটাইয়ে বিক্ষোভের ঘোষণার পর শ্রমিকদের বিক্ষোভে তা প্রত্যাহার করা হয়।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এমএ শাহীন জানান, পুলিশ,শ্রমিক ও মালিক পক্ষের সমঝোতায় এ সমস্যা সমাধান করা হয়। সেখানে আমাদের গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
তিনি আরো জানান , এখানেই শেষ নয় বিসিক ফকির এপারেলস লিমিটেডের প্রায় শতাধিক শ্রমিকদের ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন যাবৎ আমাদের কাছে একাধিক শ্রমিকদের অভিযোগ আসছে যে যারা ৬ মাসের কম সময় যাবৎ কারখানায় যোগ দিয়েছে তাদের ছাঁটাই করা হচ্ছে। ওই কারখানায় এমন প্রায় ৫ শতাধিক শ্রমিক রয়েছে। এখন এ শ্রমিকগুলো কই যাবে কি করবে?
নারায়ণগঞ্জের অধিকাংশ শিল্প করাখানাগুলোতে এ ধরণের ঘটনা ঘটছে বলে জানিয়েছে এ শ্রমিক নেতা। তিনি জানান, করোনা ভাইরাসকে কেন্দ্র করে এ সময়ে ছাঁটাই, লে-অফ শ্রমিকদের বেতন পরিশোধ না করার জন্য গার্মেন্টস মালিকদের তৈরী করা এক প্রকার ইস্যু। কিন্তু সরকারী তো শ্রমিকদের জন্য গার্মেন্টস মালিকদেও বরাদ্দ দিয়েছে তাহলে এমন কেন হবে। আমরা জানতে চাই।


