করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় যেসব উদ্যোগ নিয়েছে নাসিক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:১৯ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : করোনা ভাইরাস সংক্রমণ নারায়ণগঞ্জ নগরীতে ব্যাপক আকার ধারন করেছে। গত ৭ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গ্রহণ করেছে বিভিন্ন কার্যক্রম।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশ সূত্রে জানা যায়, তিনটি অঞ্চলের জন্য পৃথক ৩ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। গত ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট ৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৮ জনের।
শনিবার (১১ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গরীব-দুঃস্থ মানুষের সহযোগীতায় গত ২৬ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সিটি করপোরেশন প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ পেয়েছে ১১ লাখ ২৮ হাজার ৬২০ টাকা। এর মধ্যে মোট ১৯৫.৮২ মে.টন (১,৯৫,৮২০ কেজি) চাল ও আনুষঙ্গিক খাদ্যসামগ্রী ক্রয়ের জন্য ৮লাখ ৬২ হাজার ৮০০ টাকা এবং শিশুখাদ্য ক্রয়ের জন্য ৭০হাজার টাকা স্বল্প আয়, দুঃস্থ ও কর্মহীন মানুষের মঝে বিতরণের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে।
যার মধ্যে ১০৬,৩২ মে.টন (১,০৬,৩২০ কেজি) চাল ও ৪ লাখ ৭২ হাজার ৮০০ (চার লক্ষ বাহাত্তর হাজার আটশত) টাকা উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট ৮৯,৫০০ মে.টন চাল ও ৪ লাখ ৬০ হাজার টাকা ডিও প্রাপ্তি সাপেক্ষে উত্তোলন করা হবে।
উত্তোলনকৃত চাল ও আনুসাঙ্গিক খাদ্যসামগ্রী ২৭ টি ওয়ার্ডে ৩৬ জন কাউন্সিলরের মধ্যে ভোটার সংখ্যার আনুপাতিক হারে বন্টণপূর্বক সরকারি নির্দেশনা অনুযায়ী ১০ হাজার ৬৩২ টি পরিবারের মাঝে কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া কার্যক্রমের আওতায় স্থাপন করা হয়েছে কন্ট্রোলরুম (০২-৭৬৩৪৯৮৮, ০১৯৫৪-২০৫৫৭৫, ০১৭১০-৩০৬৬৪১)। নগরীতে নিয়মিত জীবানুনাশক পানি ছিটানো হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশকনিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। সচেতনতামূলক প্রচারণা চলমান রয়েছে।
উল্লেখ্য ইতোমধ্যে কাউন্সিলরের মাধ্যমে দুঃস্থ ও কর্মহীন মানুষের তালিকা প্রস্তুত করা হয়েছে। এছাড়া নগরীতে করোনা ভাইরাস সংক্রমণ বা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মৃতদেহ সৎকার করা হচ্ছে।


