অপ্রতুল সরঞ্জামাদি, ভেন্টিলেশন
প্রতিদিন হাসপাতালে আসে ৩০০ রোগী
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০২:৩৫ পিএম
নুসরাত জাহান সুপ্তি : চারদিকে করোনা আতঙ্ক। এই আতঙ্কের প্রভাব নারায়ণগঞ্জের সরকারি দু’টি হাসপাতালেও পড়েছে। প্রতিদিনই বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতাল দু’টিতে কমপক্ষে তিন শতাধিক রোগী আসছেন। এদের অধিকাংশই আসছেন জ্বর ও সর্দি কাশি নিয়ে।
ডাক্তাররা ভয়ে ভয়ে থেকে কোনমতে রোগী দেখছেন। সর্দি কাশিতে আক্রান্ত রোগীকে নিয়ে ডাক্তাররা বেশ বিপাকে পড়ে যায়। সর্দি কাশিতে আক্রান্ত কাউকে সন্দেহজনক মনে হলে তাকে পাঠানো হয় করোনা সেলে। তবে আশার কথা এই যে, হাসপাতালে আগত অধিকাংশ রোগী করোনা ভাইরাসে আক্রান্ত নয়।
চিকিৎসকরা এসকল রোগীদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। হাসপাতালে চিকিৎসা সেবা পেলেও হাসপাতালে পিপিই (পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট), হেক্সিসল, মাস্ক, গ্লাভস, মমকেপ প্রয়োজনের তুলনায় খুব কম। স্বল্প জিনিস একাধিকবার ব্যবহার করে চিকিৎসা সেবা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার কোন হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয় ভেন্টিলেশন ব্যবস্থা নেই।
সরজমিনে দেখা যায়, নগরীর দুটি বৃহৎ সরকারি হাসপাতাল ৩০০ শয্যা ও ১০০ শয্যায় আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। তবে আইসোলেশন ওয়ার্ডে কোন রোগী ভর্তি নেই। এদিকে বহি বিভাগে ঠান্ডা-জ্বরে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ বিভাগ করা হয়েছে।
দুই হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু, সাজার্রী ওয়ার্ডে রোগীর সংখ্যা খুবই কম। প্রতি ওয়ার্ডে গড়ে ২/৩ জন রোগী চিকিৎসাধীন। ৩০০ শয্যা হাসপাতালের ২ শতাধিক রোগী চিকিৎসা সেবা নেয় এবং ১০০ শয্যা হাসপাতালে ১ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে।
সূত্রমতে, ৩০০ শয্যা হাসপাতালের বিশেষ বিভাগে প্রতিদিন ২ জন ডাক্তার, ২ জন নার্স , ১ জন ওয়ার্ড বয়, ১ জন এমএলএস কাজ করেন। জরুরী বিভাগে সিফট অনুযায়ী ১ জন ডাক্তার, ১ জন নার্স, ১ জন ওয়ার্ড বয় ও ১ জন সুইপার কাজ করেন।
হাসপাতালের দন্ত চিকিৎসক ও তার টেনিশিয়ানসহ রক্ত পরীক্ষার বিভাগে ৪জন কাজ করছেন। এসব বিভাগের সকলে পিপিই পরিধান করে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছে। হাসপাতালের নির্দেশনা অনুযায়ী তারা প্রতিটি পিপিই দুইবার ব্যবহার করছে।
হাসপাতালে ৪০ জন ডাক্তার, নার্স রয়েছে ১৬৯ জন। হাসপাতালে পিপিই দেওয়া হয়েছে ২৯৮টি যার মধ্যে ব্যবহার হয়েছে ২৬৬টি। পিপিই অবশিষ্ট রয়েছে ৩২টি। ৩০০ হেক্সিসল, ৫ হাজার মাস্ক, ২ হাজার ১০০ গ্লাভস, ১ হাজার মমকেপ পেয়েছে হাসপাতাল কতৃপক্ষ। এসবের মধ্যে ২ হাজার ৮০০ মাস্ক, ২০০ গ্লাভস, ৩০০ মমকেপ অবশিষ্ট রয়েছে। হাসপাতালে ১৫-২০ জনকে একসাথে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে।
জানাগেছে, ভিক্টোরিয়া হাসপাতালে মোট ৪০ জন ডাক্তার এবং ১০৭ জন নার্স হাসপাতালে চিকিৎসা দেন। হাসপাতালের বহি.বিভাগে ঠান্ডা-জ্বরে আক্রান্ত রোগীদের বিশেষ বিভাগে প্রতিদিন ১ জন ডাক্তার বসেন। এ বিভাগে সপ্তাহে ৬ দিনে ৬ জন ডাক্তার বসেন। এই ৬ জন ডাক্তারকে পিপিই দেওয়া হয়েছে। এই হাসপাতালে পিপিই পেয়েছে ২২০ টি।
১০০ শয্যা হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স বলেন, আমরা মাস্ক, গ্লাবস পেয়েছি কিন্তু এগুলো পুনরায় ব্যবহার করছি। এছাড়া হেক্সিসল শেষ হলে আরেকটা অফিস থেকে পাচ্ছি। কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইমতিয়াজ বলেন, দুই হাসপাতালে প্রতিদিন ৩ শতাধিক রোগী জ্বর-ঠান্ডা নিয়ে বিশেষ বিভাগে চিকিৎসা গ্রহণ করছে। তবে তাদের মধ্যে কোন কেউ আক্রান্ত হয়নি।
জেলা প্রশাসক জসিমউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, পিপিই মজুদ ১ হাজার ৪০২ টি, বিতরণ করা হয়েছে ৫৪৮টি।


