শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডে দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নাসিক প্যানেল মেয়র-১ বিভা হাসান।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় নগরীর মন্ডলপাড়ায় নিজ কার্যালয়ে ৩৫০টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ একাধিক পণ্য।
এসময় তিনি বলেন, মহামারি করোনা আতংকে বিশ^ সহ আমাদের দেশেও এর প্রাদুর্ভাবে সমাজের প্রান্তিক জনগোষ্ঠিসহ মধ্যবিত্ত পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে।
এমন দুর্দিনে অসহায়দের পাশে সমাজে খাদ্য হাহাকার দেখার আগেই সমাজের বিত্তবান ও সাবলম্বী ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ। এ লড়াই মানবতার লড়াই। এ লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর বিভার স্বামী ও বিএনপি নেতা হাসান আহমেদ, হামিম ফয়সাল রাসেল, ইসহাক, পাবেল, মাহাবুব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসিক ১৬, ১৭ ১৮নং ওয়ার্ড সচিব মাসুদ রানা লাল।


