ঘরে ঘরে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিচ্ছে কাউন্সিলর খোরশেদ
প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৪:৪১ পিএম
যুগের চিন্তা ২৪ : করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ স্বেচ্ছাসেবকের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে শহরের কুমুদিনী বাগানসহ বিভিন্ন এলাকায় পার্সোনাল প্রটেকশন ইক্যুইপম্যান্ট (পিপিই) পরিধান করে তিনি এসব স্যানিটাইজার মানুষের কাছে পৌছে দেন।
এ সময় তিনি নিজেও সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করবেন বলে জানান। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের কাছে আহবান করেন যে, খাদ্য সামগ্রী সহায়তার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে।
খোরশেদ জানান, ৭ম দিনের মত আজও আমার কার্যালয় থেকে এ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ থেকে আমি ও আমার ৩০ জন স্বেচ্ছাসেবী পিপিই পরিধান করে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিম্নবিত্ত মানুষের ঘরে ঘরে এ সামগ্রী পৌছে দিচ্ছি। তারা যতক্ষন বাইরে থাকবেন ততক্ষন যেন এ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করেন এবং ঘরে সাবান পানি ব্যবহার করে।


