Logo
Logo
×

নগর জুড়ে

করোনার প্রভাব : নগরীর মার্কেটগুলো ক্রেতাশূন্য

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০২:৩৮ এএম

করোনার প্রভাব : নগরীর মার্কেটগুলো ক্রেতাশূন্য
Swapno

যুগের চিন্তা ২৪ : শুক্র ও শনিবার এই দুই দিন সরকারি ছুটি থাকায় নারায়ণগঞ্জের বিভিন্ন মার্কেটগুলোতে স্বাভাবিকভাবেই ক্রেতাদের উপচে পড়া ভীড় চোখে পড়ে। তবে করোনার প্রভাবে গত দুইদিনে এই দৃশ্য একেবারেই দেখা যায়নি। করোনা থেকে মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ছুটির দিনেও বের না হওয়ায় মার্কেটগুলো ছিল ক্রেতাশূণ্য। হকারমুক্ত ছিল শহরের ফুটপাতগুলোও।


শনিবার (২১ মার্চ) বিকেলে সরেজমিনে শহরেরর বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, ক্রেতাশূন্য হয়ে পড়েছে শহরের মার্কেটগুলো। তাই নিজেদের ব্যস্ত রাখতে দোকানীদের কেউ কেউ ব্যস্ত মোবাইলের গেমসে আবার কেউবা আড্ডাতে মগ্ন। সব মিলিয়ে এক প্রকার অলস সময় পার করছেন তাঁরা।


শহরের কালিরবাজারে অবস্থিত ফ্রেন্ডস মার্কেটের আনিকা ক্লথ স্টোরের বিক্রয়কর্মী মোহাম্মদ তাসলিম আহম্মেদের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের এই মার্কেটে শুক্র-শনি এই দুই দিনে ক্রেতাদের ভীড়ে গলিতে পা রাখার জায়গা পাওয়া যায় না।


তবে করোনার আতঙ্কে এখন কেউই বাড়ি থেকে বের হচ্ছেনা। ফলে আমাদের বিক্রি একদমই কমে গেছে। আজ সারাদিনে এক টাকাও বিক্রি হয়নি। তাই আমরা মোবাইলে গেমস খেলে অথবা একে অন্যের সাথে কথা বলেই নিজেদের ব্যস্ত রাখছি।


একই মার্কেটের কাপড়ের বিক্রতা আরাফাত ক্লথ স্টোরের মালিক আরাফাত মিয়া বলেন, গত দুইদিন যাবৎ আমার দোকানে বিক্রি, নেই বললেই চলে। কারণ ক্রেতারা কেউই বাসা থেকে বের হবার সাহস পাচ্ছেনা। সকলের মধ্যেই করোনায় আক্রান্ত হওয়ার একটা ভয় কাজ করছে। এইভাবে আর কিছুদিন থাকলে দোকান বন্ধ করে আমাদেরও বাড়িতে বসে থাকতে হবে।


অন্যদিকে শহরের সবচেয়ে বড় পাইকারি জামা-কাপড়ের বিক্রয়কেন্দ্র নয়ামাটিতেও দেখা যায় একই দৃশ্য। ক্রেতা নেই এই পাইকারি বাজারে।


জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা পোশাক বিক্রেতারা এই নয়ামাটি থেকেই পোশাক ক্রয় করে থাকে। প্রতিদিন কয়েক কোটি টাকার পোশাক বিক্রি হয় এখানে।


তবে করোনার প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়ায় কোন ক্রেতারাই এখন নারায়ণগঞ্জ আসছেনা। তাই বিক্রি কমে যাওয়াতে সামনে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছে নয়ামাটির হোসিয়ারি ব্যবসায়িরা।


সেলিম নামে নয়ামাটির এক হোসিয়ারি মালিক এ বিষয়ে বলেন, আমার দোকানে প্রতিদিন না হলেও প্রায় ১ লাখ টাকার পোশাক বিক্রি হয়। কিন্তু করোনার কারণে বিক্রি এখন কমে গেছে। কারণ দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই অধিকাংশ খুচরা পোশাকের মার্কেট বন্ধ হয়ে গেছে। তাই খুচরা ক্রেতারাও আমাদের কাছ থেকে মাল নেয়া বন্ধ করে দিয়েছে।


নায়ামাটি আলী হোসিয়ারির মালিক দৌলত মিয়া এ বিষয়ে বলেন, করোনার কারণে মার্কেটে কোন পাইকার (ক্রেতা) নেই। তাই আমাদের বিক্রি কমে গেছে। কিন্তু আমাদের কারখানায় যারা বেতনভুক্ত কর্মচারী তাঁদের ঠিকই বেতন দিতে হচ্ছে।


করোনার কারণে যদি এভাবেই আমাদের বিক্রি কমতে থাকে তাহলে সামনে কারখানা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় দেখছিনা।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন