স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে সাধারণ মানুষের কাছে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস যাতে বাড়তি দামে বিক্রি করতে না পারে সেজন্য শহরের দিগুবাবু বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২১ মার্চ) বিকেলে শহরের দিগুবাবু বাজারের পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান চালানো হয় । নারায়ণগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা ( ডিবি)’র ইন্সপেক্টর এসএম আলমগীর হোসেন।
এছাড়া ওই এলাকার বিভিন্ন আড়ৎ ও খুচরা বাজারে গিয়ে করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে যেন নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম না বাড়ানো হয় সে ব্যাপারেও সতর্ক করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
এ বিষয়ে ইন্সপেক্টর এসএম আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের কাছ থেকে বেশি দামে পণ্যদ্রব্য বিক্রি করছে। গত বৃহস্পতি ও শুক্রবার এবং আজকে চাল, আলু, পেঁয়াজের চালানের কোন মিল নাই। আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি। তারা বেশি দামে আর পণ্যদ্রব্য বিক্রি করবে না বলে আমাদেরকে জানান।
তিনি আরও জানান, করোনা ভাইরাসের আতঙ্কে সাধারণ মানুষ যাকে ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য আমরা ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক করতে বাজারের এসেছি। নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম না বাড়াতে পারে সেজন্য আজ থেকে মাঠে থাকবো। নিয়মিত বাজার পর্যবেক্ষণের পাশাপাশি আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আর যারা বেশি দামে পণ্যদ্রব্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


