স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রধানমন্ত্রীর কথাকে অনুসরন করে উৎসবের আনন্দের পাশাপাশি সংক্রামণ প্রতিরোধ করার কথা বলেছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন । মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে তিনি এমন মন্তব্য করেন।
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু এই বাংলার মাটিতে জন্ম গ্রহণ করেন। সেই সময়ের সেই ছোট্ট খোকা আজ পুরো বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিচয় পেয়েছে। তার শততম জন্ম বার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রামণ থেকে রক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। অনেক আয়োজন করা হচ্ছে না। কারণ প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী উৎসবের আনন্দের পাশাপাশি সংক্রামণ প্রতিরোধের ব্যবস্থাও করতে হবে।
তিনি আরো বলেন, বিদেশ থেকে অনেকেই সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করেনি। সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ দেশে ফিরত প্রবাসীদের তালিকা করে তাদের কোয়ারেন্টাইন রাখুন। কেও নিয়ম না মানলে প্রয়োজনে শাস্তি দেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম , স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামিজা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন,নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কার্যকরী সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ অধ্যক্ষ প্রফেসর ড. শিরিন বেগম, নারায়ণগঞ্জ সদর উপজেলার নিবাহী অফিসার নাহিদা বারিক প্রমুখ।
এর পূর্বে সকালে তোপধ্বনির মাধ্যমে মুজিব বর্ষের সূচনা হয়। সকাল সারে ৮ টায় চাষাঢ়া বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। পুস্পস্তবক অপর্ণ শেষে বর্নাঢ্য র্যালি শুরু হয়। এছাড়াও সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে শিশু সদন, শিশু পরিবার ও জেলাখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। পৌর শহীদ মিনার প্রাঙ্গন, নগর ভবন প্রাঙ্গনে বরফকল মাঠ, পঞ্চবটি মোড়, নিতাইগঞ্জ ও বিসিক শিল্পনগরী এলাকায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।


