স্টাফ রিপোর্টার : রাত পোহলেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এ জন্য নারায়ণগঞ্জ শহর সেজেছে লাল-সবুজের বর্ণিল সাজে। নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে এ বর্ণিল আলোর ছটা।
প্রতিটি আলোক রশ্মি যেন জানান দিচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগমনী বার্তা। সরেজমিনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখা গেছে, প্রায় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাজানে হয়েছে লাল-সবুজের অলোয়ে।
জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন, জেলাকারাগার, জেলা পরিষদ, এলজিইডি ভবন, জেলা ডাক বাংলো, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব, চাষাঢ়া বিজয়স্তম্ভ, সমবায় মার্কেট, ভিক্টোরিয়া হাসপাতাল, খানপুর ৩০০ শয্যা হাসপাতাল, লঞ্চ টার্মিনাল, সড়কের ল্যাম্প পোস্ট, সিটি করপোরেশন ভবনসহ বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে।
তবে সবকিছু ছাপিয়ে নগরবাসীর নজর কেড়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মণাধীন শেখ রাসেল পার্কের আলোকসজ্জা। লাল-নীল আলোকসজ্জা গায়ে মেখে এক নতুন রূপে যেন হাজির হয়েছে এ পার্ক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৫ একর আয়তনের এই পার্কের একটি বড় অংশকেই সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়। পার্কের চর্তুদিকের লেকের পাড়ের রাস্তা এবং গাছগুলোকে মুড়িয়ে দেয়া হয়েছে চোখ ধাঁধানো মরিচা বাতিতে। যার ছায়া পড়েছে লেকেরে সচ্ছ টলটলে পানিতে। এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে।
বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে পার্কের মূল অংশ এবং মুক্ত মঞ্চটিও। এতে আকর্ষিত হয়ে নগরবাসী স্বপরিবারে ভীড় জমাচ্ছে শেখ রাসেল পার্কের সামনে। ঘুরে দেখছে পার্কের বিভিন্ন স্থান। আড্ডা জমাচ্ছে দক্ষিণ দিকের দর্শক গ্যালরিতে। সব মিলিয়ে এতে দারুণ খুশি নগরবাসী।
আলোকসজ্জায় সাজানো হয়েছে এমন সংবাদে স্ত্রী এবং ছোট্ট ছেলেকে নিয়ে রাসেল পার্ক দেখতে আসা মোহাম্মদ আনিসুর রহমান জানান, সাধারণত ছুটির দিন ছাড়া পরিবার নিয়ে ঘুরতে বের হইনা। তবে যখন শুনলাম এই পার্কটি লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে।
তখন আর ছুটির দিনের জন্য অপেক্ষা করতে পারিনি। চলে এসেছি। এতো আলোর ঝলকানি দেখে বাচ্চাটাও খুব খুশি হয়েছে। আমাদেরও ভালো লেগেছে। তাই ধন্যবাদ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে।
আবির হোসেন নামে এক কলেজ ছাত্র বলেন, এভাবে যদি প্রতিবছর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করা যায় তাহলে খুবই ভালো হবে। এছাড়া রাসেল পার্কতো এমনিতেই দেখতে সুন্দর তার উপর এমন দৃষ্টিনন্দন আলোকসজ্জা ! রাতের বেলায় সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। আশা করি পার্কের কাজ শেষ হলে এইটি দেখতে আরো ভালো লাগবে।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নরায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নারয়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে করা হয়েছে লাল-সবুজের আলোকসজ্জা। ব্যতিক্রম শুধু সরকারি তোলারাম কলেজ।
সরে জামিনে গিয়ে দেখা গেছে এখানে কোনো আলোকসজ্জা করা হয়নি। মূলফটকে শুধু শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একটি ব্যানার।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রাণী সিংহ জানান, আসলে আমাদের আলোকসজ্জা করার ইচ্ছা ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অযথা বেশি খরচ না করতে।
তাই আমরা আমদের কলেজে রচনা প্রতিযোগিতাসহ বঙ্গবন্ধুকে যেভাবে আরও বেশি জানা যায় তার ব্যবস্থা করেছি। তাছাড়া নারায়ণগঞ্জে আলোকসজ্জা করার জন্য অধিক টাকা চেয়েছিল।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহর সেজেছে লাল সবুজর এক বর্ণিল আলোক সজ্জায়, শহরে বিরাজ করছে এক উৎসমুখর পরিবেশ এবং বিশেষকরে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে বেশি-এ বিষয়ে আপনার অনুভূতি কী ? জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আ. হাই জানান, আমাদের স্বাধীনতার মহানায়ক এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তাঁর জন্মশতবার্ষিকী এমন উৎসব এটা দেখে আমার খুব ভালো লাগছে।
মূলত বঙ্গবন্ধুর নামের উপরই মুক্তিযুদ্ধ হয়েছে। আমদের অত্যন্ত সৌভাগ্য যে, আমরা তার জন্মশতবার্ষিকী পালন করতে পারছি এবং যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পারবো। আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তরুণরা তাকে আরও ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবে। বঙ্গবন্ধুকে দেশের ভবিষ্যৎ প্রজন্ম ধারণ করতে পারবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, উৎসবমুখর পরিবেশ এটা স্বাভাবিক। তবে এটা শুধু আমদের নারায়ণগঞ্জ কিংবা আমদের দেশে নয়; অনেকাংশে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এ উৎসব।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সরকার মুজিব বর্ষ ঘোষণা করেছে সরকার। ১০ জানুয়ারি শুরু হয়েছিল মুজিব বর্ষের এ ক্ষণগণনা।
আজ জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে শুরু হবে মুজিব বর্ষের অনুষ্ঠানমালা। তবে দেশে করোনাভাইরাসের কারণে এ অনুষ্ঠান কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।


