যুগের চিন্তা রিপোর্ট: মুক্তির মশাল হাতে নিয়ে এ ধরায় এসেছিলেন যিনি। গরীব মেহনতি মানুষের অধিকার আদায় করা ছিলো যারলক্ষ্য। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং সত্যকে আঁকড়ে থাকার কারণে কারাভোগসহ অত্যাচারীদের হাতে নিপীড়িত নির্যাতিত হয়েছেন যিনি, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বাঙালির জাতির পিতা। তিনি আমাদের দিয়েছিলেন নতুন পরিচয়। শিখিয়েছেন মাথা উঁচুু করে বাঁচার কৌশল। আজ ১৭ই মার্চ। বাংলার এ মহান নেতার শততম জন্মদিন। দিনটিকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে বঙ্গবন্ধুর ¯েœহের শহর, নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট এবং দর্শনীয়স্থান। তাই এ-থেকে বাদ যায়নি নগরবাসীর প্রাণকেন্দ্র শেখ রাসেল পার্কও। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহায়তায় লাল-নীল আলোকসজ্জা গায়ে মেখে নতুন রূপে হাজির এই পার্ক।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৫ একর আয়তনের এই পার্কের একটি বড় অংশকেই সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়। পার্কের চর্তুদিক দিয়ে বয়ে চলা রাস্তা এবং গাছগুলোকে মুড়িয়ে দেয়া হয়েছে চোখ ধাঁধানো মরিচা বাতিতে। বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে পার্কের মূল অংশ এবং মুক্ত মঞ্চটি। এতে আকর্ষিত হয়ে নগরবাসী স্বপরিবারে ভীড় জমাচ্ছে শেখ রাসেল পার্কের সামনে। ঘুরে দেখছে পার্কের বিভিন্ন স্থান। আড্ডা জমাচ্ছে দক্ষিণ দিকের একমাত্র দর্শক গ্যালরীতে। সব-মিলিয়ে এতে দারুণ খুশি নগরবাসী।

পার্কটি আলোকসজ্জায় সাজানো হয়েছে এমন সংবাদে স্ত্রী এবং ছোট্ট ছেলেকে নিয়ে রাসেল পার্ক দেখতে আসা মোহাম্মদ আনিসুর রহমান বলেন, সাধারণত ছুটির দিন ছাড়া পরিবার নিয়ে ঘুরতে বের হইনা। তবে যখন শুনলাম এই পার্কটি লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তখন আর ছুটির দিনের জন্য অপেক্ষা করতে পারিনি। চলে এসেছি। এতো লাইট দেখে বাচ্চাটাও খুব খুশি হয়েছে। আমাদেরও ভালো লেগেছে। তাই ধন্যবাদ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

আবির হোসেন নামে এক কলেজ ছাত্র বলেন, এভাবে যদি প্রতিবছর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করা যায় তাহলে খুবই ভালো হবে। এছাড়া রাসেল পার্কতো এমনিতেই দেখতে সুন্দর তার উপর এমন দৃষ্টিনন্দন আলোকসজ্জা, রাতের বেলায় এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। আশা করি পার্কের কাজ শেষ হলে এটি আরো ভালো লাগবে।


