যুগের চিন্তা ২৪ : বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া প্রাণঘাতি রোগ নভেল করোনা ভাইরাস মোকাবেলায় জনগণের সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বিভিন্ন মহলে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া থেকে দুই নম্বর রেলগেইট পর্যন্ত বংঙ্গবন্ধু সড়কের দুই পাশে অবস্থিত বিভিন্ন মার্কেট, ফুটপাতের দোকান, পথচারি, রিক্সাচালক, গন-পরিবহনগুলোর চালক ও যাত্রীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে প্রচারপত্র লিফলেট বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর সেচ্ছসেবক দলের সাবেক আহবায়ক সুরুজ্জামালসহ বিএনপির বিভিন্ন স্তরের অর্ধশতাধিক নেতাকর্মী।
লিফলেট বিতরণকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, দেশে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ বা মহামারিতে বিএনপি নেতাকর্মীরা কখনো ঘরে বসে থাকেনি। মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
তিনি বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপি মহামারিতে রুপ নেয়ায় বাংলাদেশের মানুষ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। এজন্য দেশের মানুষকে সচেতন করতে বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জের মতো সারাদেশে ছড়িয়ে পড়ে গণসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিএনপির কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকেই তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজপথে নেমেছেন।
সরকারের সমালোচনা করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার দাবি করেন বর্তমান সরকার ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত কোন রোগই প্রতিরোধ করতে পারেনি। তাই করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের উপর মানুষ কোনভাবেই আস্থা রাখতে পারছে না।


