যুগের চিন্তা রিপোর্ট : বঙ্গবন্ধু সড়কের ২নং রেলগেট এলাকায় আলী আহাম্মদ চুনকা সড়কের প্রবেশপথে নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু চত্ত্বর’ এর কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় মেয়র আইভী বঙ্গবন্ধু চত্ত্বরের নির্মাণকাজ পরিদর্শনে যান। এসময় মেয়রের সাথে প্যানেল মেয়র-১ সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা হাসান বিভাসহ কাজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় মেয়র আইভী চত্ত্বরে চারপাশে সৌন্দর্য্য বর্ধনের জন্য লাগানো গাছগুলোর বিন্যাস নিয়ে কথা বলেন। এছাড়া নির্মাণাধীন চত্ত্বরের চারপাশ ঘুরে নানা বিষয়ে পরামর্শ দেন।
বঙ্গবন্ধু চত্ত্বরের নিয়োজিত ঠিকাদার মাজহারুল স্বপন উজ্বল জানান, কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন ঘষামাজার কাজ চলছে। খুব দ্রুতই চত্ত্বরটি উন্মুক্ত করা হবে। এই চত্ত্বরে ছোটখাটো অনুষ্ঠান অনায়াসে আয়োজন করা যাবে। এছাড়া চারপাশের পরিবেশও সুন্দর হবে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু চত্ত্বর নির্মাণাধীন জায়গায় রহমতুল্লাহ মুসলিম ইন্সটিটিউটের তিনতলা ভবন ছিলো। সিটি করপোরেশনের পক্ষ থেকে ভবনটি ভাঙার বেশ আগেই তৎকালীন পৌরসভার মাধ্যমে রাজউক পাশেই ২৪ শতাংশ জায়গার উপর একটি বহুতল ভবন ‘রহমতউল্লাহ মুসলিম ইন্সটিটিউটের জন্য নির্মাণ করে দিয়েছে।


