Logo
Logo
×

নগর জুড়ে

‘ভোরের আকাশ’ এর সাবেক সভাপতির হামলায় যুগ্ম সম্পাদক শামীম আহত

Icon

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১১:৪৭ পিএম

‘ভোরের আকাশ’ এর সাবেক সভাপতির হামলায় যুগ্ম সম্পাদক শামীম আহত
Swapno

ষ্টাফ রিপোর্টার :  প্রাত:ভ্রমণের সংগঠন ভোরের আকাশ এর পরিচালনা কমিটির সাবেক সভাপতি আনিসউদ্দিনের বিরুদ্ধে বর্তমান সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম শামীমের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শহরের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটেছে। 

আহত শামীমকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় সাইদুল ইসলাম শামীম বাদী হয়ে আনিসউদ্দিন ও অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

চাষাঢ়া বালুরমাঠ নিবাসী মৃত হাজী সিরাজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম শামীম অভিযোগে উল্লেখ করেন, পাইকপাড়া চেয়ারম্যান বাড়ি নিবাসী মৃত আলাউদ্দিনের ছেলে আনিসউদ্দিনসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন বৃহস্পতিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে সাংগঠনিক আক্রোশের বশে পূর্ব পরিকল্পিতভাবে আমার উপর আক্রমণ করে এবং এক পর্যায়ে ইট দিয়ে আমার মাথায় আঘাত করলে আমার মাথার বাম পাশে কেটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।  আমার ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। উপস্থিত সকলে খানপুর হাসপাতালে নিয়ে যায় এবং পাঁচটি সেলাই এর প্রয়োজন হয়।

এদিকে হামলার শিকার সাইদুল ইসলাম শামীম জানান, ভোরের আকাশ নামে আমাদের একটি সামাজিক সেবামূলক সংগঠন রয়েছে। সংগঠনে মোট ৩৫০ জন সদস্য রয়েছে এবং ৩৩ জনের পরিচালনা পর্ষদ রয়েছে। সংগঠনের বতর্মান সভাপতি বাবুল সাহা এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন হাওলাদার। তিনি নিজে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। 

সংগঠনের সাবেক সভাপতি আনিসউদ্দিনের ব্যক্তিগত একাউন্টে সংগঠনের ৭৩ হাজার টাকা জমা ছিলো। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সে টাকা ফেরত চাইলে তিনি আমিসহ সংগঠনের সদস্যদের সাথে খারাপ আচরণ করতে থাকে গায়ে পরে ঝগড়া করতে চেষ্টা করে। গতকাল সে আমাকে ইচ্ছে করেই ধাক্কাধাক্কি করতে থাকে এবং এক পর্যায়ে দুইজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে আশেপাশের সবাই দুইজনকে সরিয়ে দেয়। 

 বৃহস্পতিবার সকালে সে অজ্ঞাত আরো ২০/২৫জনকে সাথে নিয়ে আমিসহ সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের উপর অতর্কিতে হামলা চালায়। সংগঠনের সাবেক সভাপতি আনিছউদ্দিন ইট দিয়ে মাথায় আঘাত করলে আমার মাথা ফেটে যায়। তারা আমাদেরকে এলাপাথারি মারতে থাকলে আমাদের সংগঠনের অপর সদস্যরা ছুটে আসে এবং হামলাকারীরা পালিয়ে যায়।


তিনি আরো বলেন, এই সংগঠনটিতে আমরা সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। আমাদের সদস্যদের সবার মাঝে একটি সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। কিন্তু সাবেক সভাপতি আনিসউদ্দিনের কাছ থেকে সংগঠনের টাকা চাওয়ার পর থেকেই তিনি একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আমরা তার উপযুক্ত বিচার চাই।


অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ পরিদর্শক কামাল হোসেন এ বিষয়ে জানান, অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং এক পক্ষের সাথে কথা বলেছি। অভিযোগের বিবাদীর সাথে ফোনে কথা হয়েছে সরাসরি কথা বলতে পারিনি। আমি কালকে তার বাসায় যাবো এবং তার কাছ থেকে ঘটনা শুনবো। দুই পক্ষের কথা শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন