যুগের চিন্তা রিপোর্ট : নিতাইগঞ্জ লোড-আনলোড লেবার ইউনিয়নের ২৫ বৎসর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন নিয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এই নিয়ে গত কয়েকদিন ধরে নিতাইগঞ্জ লোড-আনলোড লেবারদের মধ্যে চলছে ব্যাপক সমালোচনা।
লেবারদের অভিযোগ ওয়াজের নামে কোন একজন নেতা নিজের পকেট ভারী করেছে। এই ওয়াজ এর নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বড় ভাইয়ের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচিত হয়েছিলেন সেই নেতা। এরপর তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মসহ দুর্নীতির অভিযোগ উঠলে ধ্বস নামে জনপ্রিয়তায়। পরে কবিরের কাছে হেরে কাউন্সিলর পদ হারিয়ে আরও বেশি উগ্র হয়ে উঠেছে সে। তার নামে অনেকে চাঁদাবাজি করে বেড়ালেও তিনি বরাবরই নীরব। বরং তিনি সন্ত্রাসী, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন। এমনটাই জানাগেছে নিতাইগঞ্জ ঘুরে।
জানাগেছে, নিতাইগঞ্জে ৮৬ টি আটা ময়দার মিল রয়েছে। আর এই মিলে সরদার রয়েছে প্রায় একশরও বেশি। তাদের সবার কাছ থেকে এক হাজার টাকা করে ওয়াজের নামে চাঁদা নেওয়া হয়েছে। এছড়া গমের ট্রেডার্স রয়েছে প্রায় ৯/১০ টা। আর গমের ট্রেডার্সে সরদার রয়েছে ৪০ জন। এদের কাছ থেকে জনপ্রতি নেওয়া হয়েছে চার থেকে পাঁচ হাজার টাকা। এমন অভিযোগ গম ট্রেডার্সের লেবার সরদারদের।
এছাড়া, মিল মালিকদের কাছ থেকে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা নেয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে চাঁদা হাতিয়ে নিতে তার একটি সন্ত্রাসী বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছিল। অনেকেই এই চাঁদা দিতে অস্বীকার করেছেন এমন কয়েকজন নাজেহাল হয়েছেন ওই বাহিনীর কাছে। তাই এই ওয়াজ অনুষ্ঠিত হওয়ার পর অনেকেই মুখ খুলছেন এই চাঁদাবাজির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিভিন্ন অজুহাতে এই বাহিনী লেবারদের পরিশ্রমের টাকা হাতিয়ে নিচ্ছে।
এদিকে, ক্রমেই বেপরোয়া ও দুর্ধর্ষ হয়ে উঠা এই বাহিনীর সন্ত্রসী কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে নিতাইগঞ্জে। একক আধিপত্য বিস্তার করার স্বপ্নে বিভোর হয়ে ভয়ঙ্কর রূপে আর্বিভূত হয়েছে লেবারদের উপর। সবকিছুতেই হস্তক্ষেপ করছে এই বাহিনী।
লেবারদের দাবি ৮৬ টি আটা ময়দার মিল রয়েছে। ৮৬ জন সরদার। মিলের সরদার থেকে নেয় ১০০০ টাকা করে। এরমধ্যে ১৫-২০ টি মেইল বন্ধ রয়েছে। গমের ট্রের্ডারর্স রয়েছে প্রায় ৯/১০টা। এর মধ্যে সরদার রয়েছে প্রায় ৪০ জন। গমের মিলের সরদার থেকে নেয় ৪-৫ হাজার টাকা করে। মিল মালিকদের থেকে ৫ হাজার টাকা আবার কারো থেকে ১০ হাজার টাকা করে নেয়।


