Logo
Logo
×

নগর জুড়ে

ভাষা সৈনিক সড়কে হাঁটা যায়না, এমপি পুত্রের নামে চাঁদাবাজি

Icon

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০১:১৬ পিএম

ভাষা সৈনিক সড়কে হাঁটা যায়না, এমপি পুত্রের নামে চাঁদাবাজি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট  : হাঁটার জায়গা নেই, নেই আইন, নেই শৃঙ্খলা। দিনের পর দিন নারায়ণগঞ্জ শহর হয়ে উঠছে পুরান ঢাকার মতো গিঞ্জি নগরী। কথাগুলো বলছিলেন নুরুল ইসলাম। নুরুল ইসলাম একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরী করেন। তিনি জানান, সন্ধ্যার পর চাষাড়ায় পা ফেলার জায়গা নেই। মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছাবার জন্য পরিবহন কিংবা রিক্সা ব্যবহার করে। চাষাড়া থেকে রিক্সাযোগে কালিরবাজার যেতে সময় লাগে ১৫ মিনিট। পাঁয়ে হেঁটে যাওয়ার নেই কোন রাস্তা। তার অভিযোগ এতোদিন বঙ্গবন্ধু সড়কের দুই পাশ হকাররা দখলে নিয়েছিলো। বিকল্প রাস্তা হিসেবে নগরবাসী ভাষা সৈনিক সড়ক (বালুর মাঠ) টি ব্যবহার করতো। এখন সেই সড়কটিও চলাচলের অনুপযোগী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কোটি টাকা খরচ করে রাস্তাটি সংস্কার করার পর থেকে রাস্তাটি এক প্রকার ভ্রাম্যমাণ দোকানদারদের দখলে চলে গেছে। 

 

খোঁজ নিয়ে জানাগেছে, চাষাড়া শহরের প্রাণকেন্দ্র। চাষাড়া বিভিন্ন প্রান্তের মানুষদের পদচারনায় দিন ভর মুখরিত থাকে। মানুষের তুলনায় চাষাড়া ও এর আশপাশ এলাকায় সড়ক ও ফাঁকা জায়গা না থাকায় প্রতিনিয়ত নগরীর গিঞ্জি পরিবেশ সকলকে ভাবিয়ে তুলছে। বোদ্ধামহলের মতে, এই নগরীর সবচয়ে বড় হুমকি ফুটপাতের হকার। 

 

কর্মজীবি সুমন ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে মানুষের চাপে পিষ্ট চাষাড়া, সেখানে কতিপয় ব্যক্তির ছত্রছাঁয়ায় ফাঁকা জায়গাগুলো দখলে নিচ্ছে হকাররা। নগরীর বঙ্গবন্ধু সড়কটির দুই পাশ প্রতিনিয়তই হকারদের দখলে রয়েছে। মাঝে মধ্যে পুলিশ অভিযান পরিচালনা করে সড়কটি ফাঁকা করলেও বছরের অধিকাংশ সময় সড়কটি থাকে দখলে। বালুর মাঠ এলাকায় কোটি টাকায় নব নির্মিত রাস্তার দুই পাশসহ পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের সামনে দিয়ে গলি রাস্তাটিও দখল হয়ে গেছে।

 

একাধিক সূত্রে জানাগেছে, ভাষা সৈনিক সড়কটি সংস্কারের পর মানুষের হাঁটার রাস্তার উপর দোকানের পসরা সাজিয়ে বসেছে এক শ্রেণির হকার। একটি সংঘবদ্ধ চক্র দৈনিক হিসেবে সে সকল ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা উত্তোলন করছে। একাধিক দোকানদারের সাথে কথা বলে জানা গেছে চাঁদা উত্তোলনকারীরা নিজেদের এমপি পুত্রের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকে। তবে দোকানদাররা চাঁদা উত্তোলনকারীদের নাম বলতে অনীহা প্রকাশ করেন।

 

সচেতন মহলের মতে, রাজনৈতিক দলগুলোকে ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ মানুষ নির্বাচিত করে। সেখানে কতিপয় ব্যক্তি রাজনৈতিক ছত্র ছাঁয়ায় এসে অবৈধ পন্থায় অর্থ উপার্জনের পথ বেছে নেয়। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের হকারদের নিয়ে ‘ছত্রিশের আখড়া’ চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে। বিগত সময়ে হকার ইস্যুকে কেন্দ্র করে মেয়র আইভী, সাংবাদিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা করে হকার ও তাদের রক্ষাকারীরা। সেই ঘটনার জেরে মেয়র আইভী ইতিমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে একটি মামলা করেছেন। মামলাটি তদন্তনাধীন রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। 


বিশিষ্টজনরা জানান, সাবেক এসপি হারুন অর রশীদের সময় কঠোর অবস্থানে ছিল পুলিশ। সেই সময় হকারদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধের ঘোষণা করেছিলেন তৎকালীন এসপি। তবে বর্তমান পুলিশ সুপারও ফুটপাত দখলের বিরুদ্ধে। ইতিমধ্যে দিনের একটি সময় বঙ্গবন্ধু সড়কসহ আশপাশের ফুটপাতে পুলিশ অভিযান পরিচালনা করছে। তবে সেই অভিযান সীমিত সময়ের জন্য হওয়ায় হকাররা পুনরায় রাস্তা দখল করে নিজেদের আখের গোছাচ্ছে। অপর দিকে চাষাড়া বালুর মাঠ (ভাষা সৈনিক) সড়কটি নতুন করে দখলে নিয়েছে একটি মহল।

 

নাম না প্রকাশ করার শর্তে চাষাড়ার এক বাসিন্দা জানান, নারায়ণগঞ্জের হকারদের এমন সাহস নেই যে পুলিশের বার বার উচ্ছেদের পরও পুনরায় ফুটপাত দখলে নিবে। আসলে পুলিশ শুধু হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। যাদের ইন্ধনে হকার ফুটপাত দখলে নেয়, যারা প্রতিদিন শহরের ফুটপাত থেকে চাঁদা উত্তোলন করছে-তাদের বিরুদ্ধে পুলিশ কোন তথ্য কিংবা এ্যাকশনে যাচ্ছে না। যখন এদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে সেই দিনই নগরীর ফুটপাত মানুষের  চলাচলের উপযোগী হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন