যুগের চিন্তা ২৪ : বন্দরে কথাকাটাকাটির জের ধরে শহরের ১ নং রেলগেইট এলাকায় ছুরিকাঘাতে মো.মজনু নামে এক মুদি ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে খানপুর তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় শহরে এই ঘটনা ঘটে। আহত মজনু বন্দরের শান্তিনগর এলাকার মুদি ব্যবসায়ী। এই ঘটনায় মজনুর স্ত্রী ফারজানা বেগম বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
মজনুর স্ত্রী ফারজানা বেগম জানান, গতকাল মঙ্গলবার (১০মার্চ) রাত ৯টার দিকে আমার স্বামীর সাথে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে মনির হোসেন ও তার স্ত্রী পলির কথা কাটাকাটি হয়। ঘটনাটি কেন্দ্র করে আজ সকালে পরিকল্পতিভাবে আমার স্বামীকে ১ নং রেলগেইটে একা পেয়ে ছুরি দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে।
এবং বিভিন্ন জায়গায় জখম করে। আমরা খবর পেয়ে আমার স্বামীকে প্রথমে খানপুর ৩০০ শয্য হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
ফারজানা অভিযোগ করেন, তার স্বামীকে ছুরিকাঘাতের সময় তার সাথে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। অভিযোগে এই হামলার জন্য বন্দরের শান্তিনগরের ছাবের আলীর ছেলে মনির হোসেন (৩০), তার ভাই আলী হোসেন (২৭), মনিরের স্ত্রী পলি (৩০), মনিরের ভাই জাকির হোসেন (২৫) এবং পিতা ছাবের আলীকে (৬০) অভিযুক্ত করা হয়েছে।
এবিষয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব জানান, আহতের স্ত্রী ফারজানা বেগম একটি অভিযোগ দিয়েছে। আমার আইনগত ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে হামলার সাথে জড়িত আলী হোসেনকে উপস্থিত জনগণ পুলিশের কাছে সোপর্দ করেছে এবং মনির হোসেনকে শাহবাগ থানায় আটক করা হয়েছে।


