স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : এডিস মশা ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্ম-পরিকল্পনা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মেডিকেল অফিসার ডা. মোস্তফা আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন, কনজারভেন্সী পরিদর্শক শ্যামল পাল ও রাশেদুল ইসলাম রানাসহ বিভিন্ন অঞ্চলে কর্মরত কনজারভেন্সী সুপারভাইজারবৃন্দ।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎসস্থল চিহ্নিতকরণ এবং আগামী ৭ দিনের মধ্যে উৎসস্থলের জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিভিন্ন ওয়ার্ডের মশক নিধন কর্মসূচির ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের জোরালো মনিটরিং এর নির্দেশও প্রদান করেন তিনি।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট কোন ওয়ার্ডের কথা চিন্তা না করে সিটি কর্পোরেশনের একটি টিম হিসাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি করোনা ভাইরাসের ব্যাপারে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।


