যুগের চিন্তা রিপোর্ট : শহরের দেওভোগ এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে দেওভোগ পাইকারী তৈরি পোশাক মার্কেটের দ্বিতীয় তলার একটি পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পরিত্যক্ত এই ঘরটিতে এলাকার মাদকাসক্ত যুবকরা নিয়মিত আসা যাওয়া করতো। ধারণা করা হচ্ছে ১০/১২দিন আগে ওই যুবককে কেউ হত্যা করে লাশ বস্তায় ভরে ফেলে রেখে যায়।
রবিবার বিকেলে ওই ঘর থেকে পঁচা দূর্গন্ধ ছড়ালে মার্কেটের ব্যবসায়ীরা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তবে কে বা কারা কি কারণে এই হত্যাকান্ড করেছে সেটা উদঘাটন করতে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি নিহত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্তের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


