স্টাফ রিপোর্টার : শহরের লিংকরোড সংলগ্ন আর্মি মার্কেটের একটি দোকান থেকে অভিনব কায়দায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র।
গত শনিবার ৭ই মার্চ সন্ধ্যা ৭ টায় আর্মি মার্কেটের এম আর টেলিকম নামের ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে। টাকাগুলো চুরি হওয়ার পর নারায়ণগঞ্জের ফতুল্লাহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এম আর টেলিকমের মালিক সেলিম রেজা।
থানায় দায়ের করা সাধারন ডায়েরিতে সেলিম রেজা জানান, মোবাইলে ফ্লেক্সিলোড করতে আসে দুইজন যুবক। আমি তখন দোকানের ক্যাশ বক্সের সামনেই বসা। এ সময় তারা আমাকের আকুতি মিনতি করে বলে যে, দোকানের পিছন দিকে থেকে একটি কাগজের প্যাড দিতে।
তাই আমি পিছন দিকে ঘুরে তাকের উপর থেকে প্যাড আনতে যাই। আর এই সুযোগে তারা দোকানের ক্যাশ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা থানার এস আই নুরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা সেই দোকানে গিয়েছিলাম। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা একটি সংঘবদ্ধ চক্র। আমারা এই চক্রটিকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।


