স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক এবং নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, আমরা এমন একটি বসবাসের নগর এখানে স্থাপন করতে চাই, যেখানে কোন শিশু-কিশোরকে নির্যাতনের মধ্যেদিয়ে জীবন দিতে হবেনা। টানবাজার থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে আজমেরী ওসমানের টর্চারসেলে হত্যা করে তাকে নদীতে ভাসিয়ে দেয়া হবেনা।
তাদের হাত-পা ভেঙে দেয়া হবেনা। আল্লামা ইকবাল রোডে রাতের পর রাত আর্তনাত শোনা যাবেনা, এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। আমরা জানি সরকার যতো শক্তিশালিই হোকনা কেনো এই ঘাতক পরিবারের পিছনে (ওসমান পরিবার) যতবড় শক্তিই থাকুকনা কেনো তারা (ওসমান পরিবার) পরাজিত হবেই।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় শহরের ৫নং খেয়াঘাট এলাকায় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৭ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজিত ‘আলোর ভাসান’ অনুষ্ঠানের আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শীতলক্ষ্যার নদীর পাশে কুমুদিনী খালের মুখ থেকে আমরা ৭ বছর আগে ত্বকীর লাশ উদ্ধার করেছি। এবং এই শীতলক্ষ্যা থেকেই আমরা চঞ্চলের লাশ উদ্ধার করেছি। আশিকের লাশ উদ্ধার করেছি। আর এই শীতলক্ষ্যা থেকেই ৭ খুনের লাশ আমরা উদ্ধার করেছি।
অসংখ্য লাশের স্বাক্ষী এই শীতলক্ষ্যা নদী। অতীতে এই নদীতে লাশ ফেলেছে পশ্চিমা শাসক গোষ্ঠি এখন ফেলে এই সরকার দলের ঘাতক ওসমান পরিবার। কোন অপরাধই ধামাচাপা দিয়ে রাখা যায়নি। ৭ খুনে আমরা দেখেছি, এক একটি লাশের সাথে বিশটি ইট বেঁধে তারা এই নদীতে ফেলেছে। কিন্তু এই লাশগুলো জেগে উঠেছে এবং বিচার হয়েছে।
মুনির চৌধুরী তার কবর কবিতায় বলেছে যে, এই লাশ মাটির নিচে থাকবে না জেগে উঠবেই। লাশ শীতলক্ষ্যারও নিচে থাকেনি ভেসে উঠেছে। ইতিহাসে এই শীতলক্ষ্যা একটি স্বাক্ষী হয়ে থাকবে।
তিনি আরো বলেন, আসলে আমাদের দেশে যদি স্বাধীন বিচার ব্যবস্থা থাকত, তাহলে আমাদের বিচার চাইতে হতোনা। একটি অপরাধ সংঘটিত হলে এর বিচার হবে, এটি একটি বিচারিক স্বাধীন প্রক্রিয়া। কিন্তু যেহেতু আমাদের বিচারিক ব্যবস্থা স্বাধীন না তাই এই প্রকৃয়াটি বাধাগ্রস্থ হচ্ছে।
তাই আমাদের ত্বকী হত্যার পর এর বিচার ৭ বছর ধরে চাইতে হচ্ছে। আজকে যদি কোনো সরকার দলের অপরাধী হয় তাহলে বিচারককে বদলি করে চারঘন্টার মধ্যে অপরাধীকে মুক্তি দেয়ার নজির আমাদের দেখতে হচ্ছে। এবং ত্বকীর ক্ষেত্রেও একই যেহেতু সরকার দলের অপরাধী সেহুতু ৭ বছর ধরে অভিযোগপত্র দেয়া হচ্ছেনা।
নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় ‘আলোর ভাসান’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ অধ্যাপক আনু মুহাম্মদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চে সদস্য সচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দিপু, জিয়াউল ইসলাম কাজল, সাবেক সেক্রেটারি ধীমান সাহা জুয়েল, সিপিবির জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, মহিলা পরিষদ জেলার সভাপতি লক্ষী চক্রবর্তী. গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, কবি আরিফ বুলবুলসহ বিভিন্ন সাংষ্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানে লাইভ পারফর্মিং আর্ট ‘আমিই ত্বকী’ প্রদর্শণ করছেন শিল্পী অমল আকাশ। এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জের তরুণ চলচ্চিত্রকার হাসান জাফরুল বিপুল নির্মিত প্রামাণ্যচিত্র ‘মানুষ হয়ে মরবো; প্রদর্শিত হয়।


