পদ্মা সেতু হলে পাট ব্যবসার দুয়ার আরো প্রসারিত হবে : আরজু ভূঁইয়া
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৭:৩৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া বলেছেন, পাট বিশ্বের দরবারে নারায়ণগঞ্জকে মাথা উঁচু করে রেখেছে। নারায়ণগঞ্জ থেকে বর্তমানে সারা বিশ্বে পাট যাচ্ছে।
যত দিন পাট বেঁচে থাকবে ততদিনই পাট ব্যবসায়ীরা বেঁচে থাকবে। ২০২৪ সালে পদ্মা সেতু হবার পর পাট ব্যবসায়ীদের দুয়ার আরো খুলে যাবে। অতি দ্রুতগতিতে দেশের বিভিন্ন প্রান্তে পাট পৌঁছানো যাবে।
পাট যাবে, বেনাপোল হয়ে নেপালে। পাট ব্যবসার কোয়ালিটি ও কমিন্টমেন্ট সর্ম্পকে পাটকল ব্যবসায়ীরা জানে। আগামীতে পাট ব্যবসায়ী আরো বাড়বে। নতুন করে আবারো পাট ব্যবসায়ীরা জেগে উঠবে।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাটের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত পরিবারের সন্তান। পাট আছে, পাট থাকবে। আগামীতে নারায়ণগঞ্জে পাট শ্রমিক, কর্মচারি মালিকদের মাঝে আলোড়ন সৃষ্টি করবো।
শনিবার (৭ মার্চ) সকালে শহরের বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) কার্যালয়ের আফজাল হোসেন মিলনায়তনে জাতীয় পাট দিবস-২০২০ উদযাপন এবং নারায়ণগঞ্জ জোনের শীর্ষ কাঁচাপাট রপ্তানীকারক ও সরবরাহকারীদের সম্মাননা ট্রফি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আরজু রহমান ভূঁইয়া আরো বলেন, আগামীতে পাট রপ্তানিকারকদের মধ্যে যে প্রথম হবে তাকে স্বর্ণ পদক, দ্বিতীয় হলে রোপ্য এবং তৃতীয় হলে ব্রোঞ্জ পদক দেয়া হবে। এছাড়া আগামীতে আমরা পাট শ্রমিক ও মালিক মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবো। একটা উৎসব মুখর পরিবেশ নারায়ণগঞ্জে সৃষ্টি করবো। এব্যাপারে পাট ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা চাই।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের সহকারি পরিচালক তরিকুল ইসলাম তালুকদার বলেন, পরিকল্পনা করে ব্যবসা প্রসারিত করে প্রাচ্যের ডান্ডি হিসেবে নারায়ণগঞ্জকে যাতে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
অনুষ্ঠানে কাঁচাপাট রপ্তানিতে মেসার্স আলমগীর কবির ট্রেডার্সের প্রতিষ্ঠাতা খন্দকার আলমগীর কবির, তাসফিয়া জুট ট্রেডার্সের কুতুব উদ্দিন উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

এছাড়া নারায়ণগ জোনের সেরা কাঁচা পাট রপ্তানিকারক হিসেবে মেসার্স ইন্টান্যাশনাল জুট ট্রেডার্সের মালিক গনেশ চন্দ্র সাহা, মেসার্স এয়ার এম জুট বেলিং প্রতিষ্ঠানের মালিক লিয়াকত আলী এবং কুমিল্লা জুট ট্রেডার্সের মালিক শহীদুল্লাহ সরকারের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
আলোচনাসভা শেষে বিজেএ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো বিজিএ কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে বিজেএ’র মহাসচিব আবদুল কাইয়ুম, ভাইস চেয়ারম্যান কুতুবউদ্দিন, বিজেএ’র নির্বাহী সদস্য নুর হোসেন, তোফাজ্জাল হোসেন, লিয়াকত হোসেন, খন্দকার আলমগীর কবির এবং পাট অধিদপ্তরের সহকারি পরিচালক তরিকুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


