প্রধানমন্ত্রী বলেছেন ত্বকী হত্যার বিচার হবে : রফিউর রাব্বি
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৩:৩৪ এএম
যুগের চিন্তা রিপোর্ট : সন্ত্রাস নিমূল ত্বকী মঞ্চের আহবায়ক এবং নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, ৭ বছর ধরে আমরা ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি। আমাদের সরকার প্রধান বিভিন্ন সময়ে বলেছেন যে, তিনি এই হত্যার বিচার করবেন কিন্তু হচ্ছেনা।
আমি আজকে প্রশ্ন করতে চাই এই ওসমান পরিবার কি এমনই শক্তিশালী যে তারা বাংলাদেশের সরকার চালায়।এদের ইচ্ছায় অনিচ্ছায় এই বিচার হবে অথবা হবেনা তারা এতই প্রভাবশালী।
প্রধানমন্ত্রী যিনি বলেন, এর বিচার হবে। কিন্তু বিচার হচ্ছেনা। তাহলে কি এগুলো বলার জন্য বলা? আমরা বিশ্বাস করি বিচার হবে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে শহরের শেখ রাসেল পার্কে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাত বছরপূর্তি উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুসমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।
ওসমান পরিবারের সমালোচনা করে রফিউর রাব্বি বলেন, আমরা দেখি এই ওসমান পরিবারের লোকজন ভয়ভীতি দেখানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আসছেন। কিছুদিন আগে পুলিশকে ভয় দেখানোর জন্য বলেন, তিনি (শামীম ওসমান) চাইলে রাতেও দুই ঘন্টার মধ্যে দুইলাখ লোক জমায়েত করতে পারবে।
আরে আপনি দুইমাস সময় নিয়ে মাত্র পঞ্চাশ হাজার মানুষ জমায়েত করুন আমরা দেখতে চাই। আমরা ক্ষমতা জানি। আপনার যেই ভাই এখন দুনিয়াতে নাই (নাসিম ওসমান) তিনি আমাদের পিঁপড়ার মতো রাস্তায় ফেলে পিষে মারার ঘোষণা দিয়েছিলো।
এবং আমাদেরকে টুকরো টুকরো করে শীতলক্ষ্যায় ফেলে মাছ দিয়ে খাওয়ানোর ঘোষণা দিয়েছিলো। তিনি কোথায়? আর আপনি (শামীম ওসমান) কাকে ভয় দেখাতে চান? নারায়ণগঞ্জের মানুষ আপনাকে খুব ভালো চিনে।
তিনি বলেন, আইনের শাসনের কথা এই সরকার খুব ভালো ভাবেই বলে আসছে কিন্তু এর আসল অবস্থা আমরা ঠিকই উপলব্ধি করে আসছি। ত্বকী হত্যার বিচারের মধ্যেদিয়ে আপনার এই বক্তব্যের প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখতে চাই।
একটা বিষয় সত্য যে, ত্বকী হত্যার বিচার আজকে বন্ধ রয়েছে যেহেতু আওয়ামীলীগ ক্ষমতার মধ্যে। আওয়ামীলীগ আজীবন ক্ষমতায় থাকার মতো দল-না। এখন যেই বিচারগুলো ধামাচাপা দিয়ে বন্ধ রাখা হয়েছে সেগুলো কি বন্ধই থাকবে?
এইটি মনে করার কোনো কারণ নেই। আপনারা মনে করেছেন আপনারা হয়তো পালিয়ে যাবেন। এতোকিছু সরল-সহজ ভাবে ভাববেন না। পালানোর দরজা সব সময় খোলা থাকেনা।
প্রশাসন এবং সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ত্বকীসহ আমাদের নারায়ণগঞ্জে চঞ্চল-বুলু হত্যার বিচার করা হোক। সাগর রুনি এবং তনু হত্যার বিচার করা হোক। নারায়ণগঞ্জে আড়াই বছর ধরে ছোট্ট একটি দেড় বছরের শিশু সাদমান সাকি নিখোঁজ রয়েছে তাকে উদ্ধার করা যাচ্ছেনা।
এ বিষয়ে প্রশাসন বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে! যে হ্যাঁ জীবিত রয়েছে। তাকে উদ্ধার করা হবে। পুলিশ প্রশাসন পারেনা? কার ভয়ে পারেনা? আমরা তাই প্রশাসনকে বলবো যথাযথ দায়িত্ব পালন করার জন্য।
এই গডফাদার পরিবারকে আশ্রয় দেয়া আপনারা যদি (প্রশাসন) দায়িত্ব মনে করেন তাহলে ভুল করবেন। নারায়ণগঞ্জের মানুষ এতো বোকা নয়। যে আপনারা যেটা ইচ্ছে সেটাই করবেন আর সেটাই মেনে নেয়া হবে।
প্রশাসনের উদ্দেশে আমি বলছি, আপনারা নারায়ণগঞ্জের সকল অপরাধের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। সমাজে হত্যা এবং নির্যাতন যে, কি পরিমাণে শিশুদের কষ্ট দেয় তা তাদের শিল্পকর্ম ও ছবিতেই ফুটে উঠে। তাই আমরা এই সমাজ চাই না।
এই সমাজকে আমরা বদলাতে চান এমন প্রত্যাশা রেখে রফিউর রাব্বি বলেন, আমরা সেই সমাজ চাই যেই সমাজে শিশু-হত্যা করা হবেনা। শিশুরা ধর্ষণের শিকার হবেনা। আমাদের কোন নাগরিক ঘর থেকে বেরুলেই ফিরতে পারবে কিনা, সেই অনিশ্চয়তার মধ্যে থাকবেনা।
আমরা সেই সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি এবং নারায়ণগঞ্জে আমাদের যেই কলঙ্ক লেপন করা হয়েছে যে, এটি একটি খুনের শহর। আমরা স্পষ্ট বলতে চাই যে, না। নারায়ণগঞ্জের শতবছরের ঐতিহ্য রয়েছে।
রাজনৈতীক ঐতিহ্য রয়েছে। সংষ্কৃতির ঐতিহ্য রয়েছে। খেলাধুলার ঐতিহ্য রয়েছে। বিভিন্ন দিকে আমাদের ইতিহাস রয়েছে। একটি মাত্র খুনি পরিবারের জন্য অমাদের সমস্ত অর্জন কখনই ম্লান হয়ে যেতে পারেনা। আমাদের রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা তা ম্লান হতে দেবোনা।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক গবেষক মফিদুল হক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহববুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের সভাপতি শিল্পী সামছুল আলম আজাদ।


