শামীম ওসমানের অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি প্রেসক্লাব সভাপতি মাসুম`র
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৩:২৭ এএম
যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম বলেছেন, কয়েকদিন আগে পুলিশের একটি অনুষ্ঠানে শামীম ওসমান বলেছেন পুলিশের কাছে যেই অস্ত্র ছিলো তার চেয়ে বেশি অস্ত্র ছিলো আমার কাছে। তারপর তিনি আবার পরের দিন ব্যাখ্যা দিয়েছেন, এই অস্ত্র আমি ১৯৯১ সালে এসপি মমিনুল্লার কাছে আনঅফিসিয়ালভাবে জমা দিয়েছেন।
এখানে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমার প্রশ্ন। আজকে এসপি সাহেবের কাছে জানতে চাই কোন এসপি কি আন-অফিসিয়ালভাবে জমা নিতে পারে? আমি মনেকরি শামীম ওসমানের এই অস্ত্রগুলো উদ্ধারে আজকে বর্তমান এসপি সাহেবকে এগিয়ে আসতে হবে।
নারায়ণগঞ্জকে শান্তিময় করতে হবে। এই নারায়ণগঞ্জের জন্য আমরা যারা মেয়রের নেতৃত্বে লড়াই করছি। আমাদের অবস্থান স্পষ্ট যে, আর কোন ত্বকীকে হত্যাকাণ্ডের শিকার হতে দেবোনা। আপনারা সকলে এক হোন এই ত্বকী হত্যার বিচার হলে এই দুর্বৃত্তদের আর টিকে থাকতে পারবেনা।
গতকাল শুক্রবার বিকেলে শহরের শেখ রাসেল পার্কে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাত বছরপূর্তি উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুসমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরো বলেন, আপনার সন্তানের পরীক্ষার ফলাফল যেদিন দেয়া হয় সেদিন আপনি আপনার সন্তান সবাই তা দেখতে পান। কিন্তু ত্বকীর পরীক্ষার ফলাফল যেদিন দেয়া হয়েছে সেদিন ত্বকীর লাশ পাওয়া গিয়েছিলো। ত্বকী তার পরীক্ষার ফলাফলটাও দেখে যেতে পরেনি।
এই নির্মম হত্যাকান্ডের জন্য যারা ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন তাদের এখনো গ্রেফতার করা হচ্ছেনা। তারা প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। এই হত্যাকান্ডের বিচারের ভার আপনার (প্রধানমন্ত্রী) কাছে দিলাম। কারণ নিজের পরিবারের ঘনিষ্টজনদের হারানোর কষ্ট আপনার চেয়ে ভালো আর কেউই বুঝতে পারবেনা। এখনো সময় আছে আপনি ত্বকী হত্যার বিচারের আদেশ দিন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক গবেষক মফিদুল হক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের সভাপতি শিল্পী সামছুল আলম আজাদ।


