স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে দেওভোগস্থ রাম সীতা মন্দিরে এ সভার আয়োজন করা হয়।
লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ কুমার দাশ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাশ, সাধারণ সম্পাদক উত্তম সাহা, হিন্দু সংস্কার সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পরিমল দাশ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশিল দাশ, হিন্দু সংস্কার সমিতি জেলা কমিটির সভাপতি কমলেশ সাহা, বিষ্ণুপদ সাহা, সোনারগাঁ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসসহ নেতৃবৃন্দ।
সভায় আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সেবা ক্যাম্পের পক্ষ থেকে তাদের সুবিধা অসুবিধা নিয়ে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং স্নানোৎসবের পূর্বেই তা সমাধানের দাবী জানান। বিশেষ করে স্নানোৎসবে আগত পূণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, ব্রহ্মপুত্র নদীর পানি বিশুদ্ধকরণসহ মৌলিক প্রয়োজনগুলো তুলে ধরে এর আশু প্রতিকারের জন্য উপস্থিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এছাড়াও সভায় বিভিন্ন বক্তারা তাদের সেবা ক্যাম্পের জায়গা বরাদ্ধের জন্য কমিটির নিকট জোর দাবি উপস্থাপন করেন। সরকার কর্তৃক দেওয়া টাকার সঠিক ব্যবহারের প্রস্তাব করেন। সেই সাথে নদের বর্তমান অবস্থান তুলে নিরাপদ স্নানের ব্যাপারে সংশয় প্রকাশ করেন। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য নদের পানিকে দুষিত করছে এই ব্যাপারে প্রশাসন তথা নারায়ণগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় বক্তারা সমন্বিত প্রয়াসের মাধ্যমে উন্নয়নের কাজের তদারকী করার জন্য একটি ছোট আকারে কমিটির প্রস্তাবনা দেন। সেই সাথে সরকারি ব্যবস্থাপনায় যেসকল সংস্থার প্রতিনিধি স্নান উৎসব চলাকালীন সময় সহয়াতা দিয়ে থাকেন প্রশাসনের মিটিং এর মাধ্যমে অব্যাহত রাখার উপর মতামত ব্যক্ত করেন।
মত বিনিময় সভায় উপস্থিত নেতারা এসব সমস্যার কথা মন দিয়ে শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, ২০১৫ সালে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানের সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের দিক নির্দেশনায় আমরা পরবর্তীতে অত্যান্ত সফলভাবে এ আয়োজন করতে সক্ষম হয়েছি, এবারো তার ব্যতিক্রম হবে না। আর এ জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতা পেলে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এবারো শান্তিপূর্ণ পরিবেশে লাঙ্গলবন্দ স্নান উৎসব আয়োজন করতে পারবো বলে আশা রাখি।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ অসম্প্রদায়িক চেতনায় বাংলাদেশে সকল ধর্মের মানুষের সহবস্থান নিশ্চিত করায় বাংলাদেশের প্রধাণমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের বিচক্ষণ নেতৃত্বে নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সকল পূজা পার্বণ সফলভাবে আয়োজন করতে পেরে সাংসদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।


