প্রধান শিক্ষকের হাতে শিক্ষা উপকরণের সাথে ঝাড়ু দেখতে চাই : ডিসি
প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১০:৫৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ক্লাস কিংবা মাঠে ছড়ানো ছিটানো ময়লা, টয়লেটের অবস্থাও নাজুক; এমন পরিস্থিতি কিছুদিন আগেও ছিল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তবে, এখন কিছুটা হলেও অবস্থার উন্নতি হয়েছে। আর পরিষ্কার-পরিচ্ছন্নতার পিছনে অন্যতম ভূমিকা রেখেছে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া মাত্রই পরিচ্ছন্নতার ব্যাপারটি তার নজর এড়ায়নি।
তারই ধারাবাহিকতায় বুধবার (৪ মার্চ) সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের ‘বসন্ত বরণ ও পিঠা মেলা’য় গিয়েও তার চোখ এড়ায়নি বিষয়টি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে। স্কুলে পরিচ্ছন্নতা পাইনি। কেবিনেট নির্বাচন হলো, কিন্তু ক্লাসগুলো এখনও পরিষ্কার না। ছেলে-মেয়েরা যার যার ক্লাস সে পরিষ্কার করবে। কিন্তু সেটা শিক্ষকদের দেখতেও হবে। আমি প্রধান শিক্ষকের হাতে চক, ডাস্টার এর সাথে সাথে ঝাড়ু দেখলে খুশি হবো। কারণ আমাদের স্কুলটা শুধু পড়ালেখা শেখায় না, পরিষ্কার থাকাটাও শেখায়।’
জেলা প্রশাসক বলেন, ‘এই স্কুলে ১০০১ টা গোলাপ আছে। এই গোপালগুলো হলো আমাদের শিক্ষার্থী। স্কুলটা এমনভাবে শিক্ষাবান্ধব করবেন, যেন ছেলে মেয়েরা স্কুল থেকে বাসায় যেতে না চায়। স্কুলটা এমন থাকবে যেন সকালে বাচ্চারা আগে উঠে মাকে বলবে-মা আমি স্কুলে যাব!’
আলোচনার পূর্বে বিভিন্ন পিঠাপুলির স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ফারহানা হক সুমি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, প্রধান শিক্ষক আবদুল বারীসহ স্কুলটির অন্যান্য শিক্ষকরা।
এর আগেও জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতাকে বেশি প্রাধান্য দিয়েছেন। এমনকি স্কুলের টয়লেট নিজের হাতে পরিষ্কার করছেন। আবার কখনও হয়ে গেছেন এক মুহূর্তের জন্য ‘শিক্ষার্থী’। ছোট্ট শিক্ষার্থীদের সাথে বসে পড়েছেন ক্লাসরুমে।


