Logo
Logo
×

নগর জুড়ে

শহীদ তাজুল দিবসের কর্মসূচি

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৬ পিএম

শহীদ তাজুল দিবসের কর্মসূচি
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : শহীদ তাজুল দিবস (১ মার্চ) উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় চাষাঢ়া বালুর মাঠ থেকে শুরু হবে লাল-পতাকা মিছিল। বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটিসহ বামপন্থী দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ তাজুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ।

 

এরপর জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে শহীদ তাজুল স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন, শ্রমিক নেতা মন্টু ঘোষ, আবু নাঈম খান বিপ্লব, হাফিজুর রহমান, আবু হাসান টিপু, অঞ্জন দাস, বিমল কান্তি দাস, মো. শাহজাহান, সেলিম মাহমুদ, এইচ রবিউল চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।

 

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে আদমজী পাটকলে শ্রমিক ধর্মঘট বানচালের উদ্দেশ্যে তৎকালীন ক্ষমতাসীন স্বৈরাচারী এরশাদের গুণ্ডাবাহিনী শ্রমিক মিছিলে হামলা করে কমরেড তাজুলকে রক্তাক্ত জখম করে। ১ মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

 

এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা দেশের শিল্প প্রতিষ্ঠান, যানবহন ও কল-কারখানার লাখ লাখ শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে। দেশব্যাপী শ্রমিকদের মহা বিক্ষোভ শুরু হয়ে যায়। আন্দোলনের তীব্রতা দেখে স্বৈরাচারী এরশাদ সরকার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৫ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়। 

 

সেই থেকে প্রতি বছর ১ মার্চ শহিদ তাজুল দিবস পালিত হচ্ছে। তাজুল ছিলেন আদমজী পাটকল মজদুর ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতা। তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আদমজী শাখার সম্পাদক। 

 

তাজুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন কুমিল্লা জেলার মতলব থানায়। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন। ১৯৬৯ সালে ছোটবেলাতেই কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৪ সালে শ্রমিক আন্দোলনে যুক্ত হন। আত্মোৎসর্গকারী এই তাজুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর স্বচ্ছল জীবনের সুযোগ প্রত্যাখ্যান করে সমাজতন্ত্র ও শোষণ মুক্তির লক্ষ্য নিয়ে আদমজী পাটকলে বদলি শ্রমিকের কাজ করতে শুরু করেন। তার এই আত্মত্যাগ ও সাহসের কোন তুলনা নেই। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন