Logo
Logo
×

নগর জুড়ে

মৌলবাদী শুধু মুসলিম নয়, হিন্দু-খ্রিস্টানরাও হতে পারে : জায়েদুল

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৫ পিএম

মৌলবাদী শুধু মুসলিম নয়, হিন্দু-খ্রিস্টানরাও হতে পারে : জায়েদুল
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ‘উগ্রবাদ বিরোধী সামাজিক সচেতনতা’ শীর্ষক সেমিনার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে শহরের মাসদাইরস্থ জেলা পুলিশ লাইনসের হল রুমে এই সেমিনার হয়।


নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ওই সেমিনারের উদ্বোধন করেন এবং উগ্রবাদ বিরোধী সামাজিক সচেতনতায় ইমাম ও মুয়াজ্জিনদের সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে জানিয়ে তিনি বলেন, মৌলবাদী বলতে অনেকেই শুধু মুসলিম বুঝেন। কিন্তু মৌলবাদ তা নয়। হিন্দু, খ্রিস্টান মৌলবাদও হয়। মৌলবাদ অর্থই হচ্ছে মূল ধরে পড়ে থাকা। সে ক্ষেত্রে মৌলবাদ যেমন মুসলিম হয়, উগ্রবাদী হয়। একইভাবে হিন্দু, খ্রিস্টানরাও হতে পারে।
জায়েদুল আলম বলেন, ধর্মেই বলা আছে যার যার ধর্ম সে সে পালন করবে। এ নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। তাছাড়া আমাদের ধর্মেই বলা হয়েছে, যারা সংখ্যালঘু রয়েছে তাদের জিম্মাদার আমরা। সুতরাং সংখ্যালঘুদের ব্যাপারে খেয়ালটাও আমাদেরকেই রাখতে হবে।


তিনি বলেন, দিল্লিতে যে ঘটনা ঘটছে, অনেক মুসলিম মারা গেছে। এ ঘটনায় আমরা সেখানে গিয়ে মারামারি করতে পারবো না। তবে, এ ঘটনা থেকে মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। সহিংসতা যারা চালাচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে পারি। এর বেশি আমাদের কিছু করার নেই।


পুলিশ সুপার বলেন, অন্যান্য দেশের মুসলামনদের থেকে আমরা অনেক ভালো আছি। বিভিন্ন দেশে দেখেছি, মুসলমান পুলিশও নিয়মিত বারে যায়। মদ খায়। নারীদের সাথে পার্টি করে। কিন্তু সে তুলনায় আমরা যাই না। আমরা ওদের চেয়ে অনেক ভালো আছি। এটা আল্লাহর অশেষ রহমত।


জঙ্গিবাদ ও মাদক নির্মূলে সমাজের আলেম ওলামাদের সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, আপনারা বিভিন্ন স্থানে ওয়াজ করেন, খুতবা পড়েন, সেখানে যদি এসব বিষয়ে বয়ান করেন এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে ভূমিকা রাখেন তাহলে সেটি সমাজের অত্যন্ত কাজে আসবে। কেননা, আমাদের দেশে যে ছেলেটি সপ্তাহের অন্যান্য দিনগুলো মসজিদে না যায় সেও শুক্রবার মসজিদে যায় নামাজ পড়তে। ফলে আপনাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাই পারেন সচেতনতা বৃদ্ধিতে ভালো ভূমিকা পালন করতে।


এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লহ আল মামুন, ফতুল্লা থানার ওসি মো. আসলাম হোসেন, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই, জেলা ওলামা পরিষদের সভাপতি আব্দুল আউয়ালসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিমগণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন