শহর প্রতিনিধি : পিতার মাজার জিয়ারত করতে গিয়ে কাঁদলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শহরের মাসদাইরে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর পিতা আলী আহাম্মদ চুনকার মাজার জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়।
সকালে আলী আহমেদ চুনকা নগর মিলনায়তনের সামনে থেকে প্রভাত ফেরি করে চুনকা ফাউন্ডেশন। পরে মাসদাইর কবরস্থানে আলী আহাম্মদ চুনকার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আলী আহাম্মদ চুনকার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়ার এক পর্যায়ে পিতার স্মরণে কাঁদেন মেয়র আইভী।
এ সময় উপস্থিত ছিলেন, প্রয়াত পৌর পিতার ছেলে আহাম্মদ আলী রেজা উজ্জল, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, নাসিক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা প্রমুখ।


