১৫ ফেব্রুয়ারি না’গঞ্জ দিবস ঘোষণার দাবি ‘নারায়ণগঞ্জস্থান’ গ্রুপের
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার ৩৬তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’ এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ ফেব্রুয়ারিকে নারায়ণগঞ্জ দিবস ঘোষণার দাবি জানানো হয়।
অনুষ্ঠােিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর হুসাইন স্মিথ, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, দৈনিক যুগান্তরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহম্মেদ, ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থানের এডমিন আরফীন রওশন হৃদয়, রেজাওয়ান আমীন, মডারেটর সোনিয়াসহ গ্রুপের সদস্যরা।
অতিথিরা বলেন, ‘নারায়ণগঞ্জে বেশ কয়েকটি সমস্যা রয়েছে। সে অনুযায়ী আপনারা কিছু দাবি রেখেছেন। নারায়ণগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বেশি আয়কর দেয়া জেলা হওয়া সত্ত্বেও তুলনামূলক উন্নয়ন হয়নি। সেটা রাজনৈতিক কারণেই হোক বা অন্যান্য কারণেই হোক। আমরা আশা করবো, নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিরা এ বিষয়ে নজর দেবেন এবং আগামীতে বেশি উন্নয়ন কাজ নিয়ে আসবেন।
তারা আরও বলেন, একটি ফেসবুক গ্রুপ হিসেবে ‘নারায়ণগঞ্জস্থান’ গ্রুপ খুব ভালো কাজ করছে। তবে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ক্ষেত্রেও অবদান রাখলেও নারায়ণগঞ্জের মানুষ উপকৃত হবে। বর্তমানে মাদকের উপদ্রোব সবচেয়ে বেশি। আমরা মনে করি, নারায়ণগঞ্জস্থান গ্রুপ মাদক সচেতনতায় যদি অবস্থান রাখতে পারে এবং একটি সন্তানকে যদি আমরা মাদকমুক্ত করতে পারি সেটিই হবে আমাদের বড় কৃতিত্ব।
এ সময় গ্রুপের সদস্যরা, ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ দিবস ঘোষণা ও আগামী বছর থেকে জেলা পর্যায়ে বর্ণাঢ্যভাবে নারায়ণগঞ্জ জেলার জন্মদিন উদযাপনের দাবি জানান।


