Logo
Logo
×

নগর জুড়ে

পুঁজিবাদ সাম্রাজ্যবাদ হিসেবে আত্মপ্রকাশ করেছে : সিরাজুল ইসলাম

Icon

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৬ পিএম

পুঁজিবাদ সাম্রাজ্যবাদ হিসেবে আত্মপ্রকাশ করেছে : সিরাজুল ইসলাম
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ‘পুঁজিবাদ তাঁর বিকাশের নতুন পর্বে সাম্রাজ্যবাদ হিসেবে আত্মপ্রকাশ করেছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘পুঁজিবাদকে পরাজিত করার জন্য সাংস্কৃতিক জাগরণের কোন বিকল্প নেই। তবে তা শুধু স্থানীয়ভাবে করলে হবেনা, সর্বপর্যায়ে এটিকে ছড়িয়ে দিতে হবে। জাগরণের মূল লক্ষ্য হবে সমাজ বদল করা।’ 

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ থিয়েটার হলে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত ‘তত্ত্বীয় কর্মশালা’র প্রথমপর্বে তিনি এসব কথা বলেন। ‘সংস্কৃতির সংকট ও উত্তরণ এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা ও এর ভবিষ্যৎ’ সম্পর্কে তিনি কর্মশালায় বক্তব্য রাখেন। 

 

শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষক বলেন, পুঁজিবাদ থেকে বেরোতে হলে পাঠাগারগুলোকে পুনর্জীবিত করতে হবে। সেখানে শুধু বই পড়লে হবেনা, সাংস্কৃতিক চর্চা ও অনুশীলনের মাধ্যমে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ‘পাঠাগার আন্দোলন’ এবং ‘কিশোর আন্দোলন’ যুৎপথভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। 

 

বাকস্বাধীনতা, মানবিক অধিকার, পরিবেশ সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার বিষয়ক আন্দোলনের পুরোধা সিরাজুল ইসলাম চৌধুরী  বলেন, সমাজ বিপ্লবের কোন বিকল্প নেই। পুঁজিবাদের দৌরাত্ম ফ্যাসিবাদে পরিণত হয়েছে। 

 

পাবলিক বিশ্ববিদ্যায়গুলোতে সান্ধ্যকালীন কোর্স চালুর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণের চেষ্টা চলছে উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসনের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছে। বাংলাদেশের স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রায় একসাথেই এসেছে। কিন্তু রাষ্ট অগণতান্ত্রিক থাকলে বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক হতে পারেনা। আর তাই বিশ্ববিদ্যায়গুলোতে স্বায়ত্তশাসন মোটেও নেই। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের দুটো দিক শিক্ষক নির্বাচন এবং ছাত্রদের নির্বাচন। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদস না থাকলে সেটি আর বিশ্ববিদ্যালয় হয়না। আর একটি বিশ্ববিদ্যালয়কে চেনা যাবে তার প্রকাশনা দেখে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশনা দেখা যাচ্ছেনা। শিক্ষার মান ভালো করতে চাইলে আপনাকে অবশ্যই ভালো শিক্ষক নিয়োগ করতে হবে। 

 

প্রগতিশীল ও মুক্তমনা শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, দেশের প্রাথমিক শিক্ষা খুব দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে। এসব নিরসনে শুধু সংস্কারমূলক পদক্ষেপ দিয়ে লাভ হবেনা। সামাজিক বিপ্লব না হলে এঅবস্থার সহসা পরিবর্তন হবেনা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সমাজ বিপ্লবের চেতনা আমরা সেটা ধারণ করতে পারি নাই। সমাজ বিপ্লব কখনোই ঘটবেনা যদি না আমরা আমাদের সংস্কৃতির চর্চা বিকশিত করতে না পারি। ছেলেমেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর নির্ভর করে থাকলে চলবেনা, তাদের অবশ্যই আলাদাভাবে জ্ঞানাশীলনের ব্যবস্থা করতে হবে। ইতিহাস বর্তমানে প্রবাহিত হয়, সেটি বুঝতে হবে। তবে এখন ইতিহাস বর্জিত জ্ঞান চর্চাই বেশি হচ্ছে। 

 

দ্বিতীয় অধিবেশনে বিকেল তিনটা থেকে “মানব-প্রজাতি ও তার সংস্কৃতির অনিশ্চিত গন্তব্য এবং এর প্রতিকার” বিষয়ে প্রশিক্ষন দেন বিজ্ঞান বক্তা আসিফ।

 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহিন মাহমুদের সঞ্চালনায় কর্মশালায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নাগকির কমিটির জেলার সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সেক্রেটারি ধীমান সাহা জুয়েল, সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন, প্রথম আলো বন্ধুসভা জেলার সভাপতি রাসেল আদিত্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন