জালাপিনো রেস্টুরেন্টে উদ্বোধন হল ‘ফটো এন্ড ফুড ফেস্টিভেল’
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৬ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়ায় জালাপিনো রেস্টুরেন্টে শুরু হয়েছে মাসব্যাপি ফটো এন্ড ফুড ফেস্টিভেল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফিতা ও কেক কেটে নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব (এনপিসি) এবং জালাপিনো রেস্টুরেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভেল এর উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে শুরু হওয়া এই ফেস্টিভেল চলবে আগামী ১৪ই মার্চ পর্যন্ত। ফেস্টিভেলে সহযোগিতায় রয়েছে আলোরা বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে জালাপিনো রেস্টুরেন্টের পক্ষে আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব (এনপিসি) এর পক্ষে সভাপতি জয় কে.রায়. চৌধুরী, সেক্রেটারি ইউসুফ শাহরিয়ার মুনতাকিম, আজীবন সদস্য মুনতাসীর মঈন, আল-আমিন শরীফ, জোবায়ের আশিক, আলোরা বাংলাদেশের সমন্বয়ক মনিরুজ্জামান আকন্দ উপস্থিত ছিলেন।

প্রতিদিন দুপুর বারটা থেকে রাত দশটা পর্যন্ত জালাপিনো রেস্টুরেন্টে সকলেই প্রিয়জন নিয়ে ছবি দেখার পাশাপাশি উপভোগ করতে পারবেন নানান সুস্বাদু খাবার। প্রদর্শনীতে স্থানীয় ফটোগ্রাফার ছাড়াও থাকবে আন্তর্জাতিক ফটোগ্রাফারদের নান্দনিক সব ছবি।
প্রদর্শনীতে বিশেষ ছাড়ে কিনতে পারবেন নিজের পছন্দের ছবিটি। এছাড়া খাবারেও থাকবে বিশেষ মূল্যছাড়। প্রদর্শনী থেকে আয়ের অর্থ ব্যায় করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।


