সরকারের স্বার্থেই সাগর-রুনির হত্যাকারীদের বের করা দরকার : রুমন
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১০:০০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা বলেছেন, সাগর-রুনির নৃশংস হত্যাকাণ্ডের ৮ বছরেও কোনো বিচার হয় না। প্রকৃত হত্যাকারীরা ধরা পড়ে না এবং প্রকৃত রহস্য উন্মোচিত হয় না। এরকম অন্যায়ের শিকার যদি সাংবাদিকরা হয় তখন সাধারণ মানুষের মনে বিশাল একটি হতাশা, বেদনা এবং যন্ত্রণার ক্ষত তৈরি হয়। আমরা মনে করি সরকারকে নিজেদের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এ হত্যাকাণ্ডের প্রকৃত হত্যাকারীদের বের করা দরকার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করা হয়।
রুমন রেজা বলেন, তা-না হলে আমাদের আইন-শৃঙ্খলাবাহিনী যত ভালো কাজই করুক না কেন ; তাদের এ ব্যর্থতা এ বিচারহীনতার সংস্কৃতি আমরা যে সভ্যতার কথা বলি সেই সভ্যতার ভেতরে অচিরেই একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে। সাংবাদিকরা সমাজের অনিয়ম, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এবং প্রকৃত চিত্র তুলে ধরে। কিন্তু যখন এই সাংবাদিকরা নিপীড়নের শিকার হয়, অন্যায়ের শিকার হয়, নানা রকমের হয়রানির শিকার হয়, তখন আমরা মুখে যতই সভ্যতা-সংস্কৃতির চর্চার কথাই বলি না কেন, তখন এ চর্চার ক্ষেত্রে একটি প্রশ্নোবোধক চিহ্ন দাঁড়িয়ে যায়।’
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে কর্মসূচিত সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ আল মাসুদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসেইন স্মিথ, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলিম বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, নারায়নগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হাসান কচি, সাধারন সম্পাদক এনামুল হক সিদ্দিকী, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামলসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
দুপুর দেড়টার দিকে পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম।


