সরকার সাগর-রুনি হত্যার কারণ উদঘাটন করতে পারেনি : আবদুস সালাম
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আবদুস সালাম বলেছেন, ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীদের ধরে আনার প্রতিশ্রুতি দেয়া হলেও ৮ বছর পরও আমাদের বিচার চাইতে হচ্ছে। সরকার এই হত্যার কারণ উদঘাটন করতে পারেনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করা হয়।
আবদুস সলাম বলেন, সাগর-রুনির একমাত্র সন্তান মেঘকে এখনো তাঁর বাবা-মার কবরের পাশে গিয়ে কাঁদতে হয়, হত্যার বিচার দাবি করতে হয়। রুনির মা এখনো প্রতিদিন প্রতিনিয়ত তার সন্তান হত্যার বিচার দাবি করছে। আমরাও বিচার দাবি করছি।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে কর্মসূচিত সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ আল মাসুদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেইন স্মিথ, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলিম বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, নারায়নগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হাসান কচি, সাধারন সম্পাদক এনামুল হক সিদ্দিকী, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামলসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
দুপুর দেড়টার দিকে পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম।


