চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব বিদ্যানিকেতন ট্রাষ্ট এর প্রমান : সচিব
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:০২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিদ্যানিকেতন হাই স্কুলের ১৪ বছর পদার্পন অনুষ্ঠান পালিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রæয়ারি) বিকেলে দেওভোগের ভূয়ারবাগে অবস্থিত স্কুলটির প্রাঙ্গণে নাচ, গান, আবৃতি, অভিনয় এবং আলোচনার মাধ্যমে এই বর্ন্যাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মাহবুবুল আলম বলেন, আমাদের আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষার্থীদের শুধুমাত্র পুথিগত বিদ্যার প্রতি জোড় না দিয়ে তাদেরকে মানুষ হিসেবে হিসেবে তৈরী করতে হবে।
তিনি বলেন, শিক্ষার পরিবেশের পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীদের চমৎকার পরিবেশে শিক্ষা দিতে হবে। এ জন্য শিক্ষা মন্ত্রনালয় কাজ করছে। আমাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠার স্বপ্ন দেখতে হবে। আজকের প্রজন্মকে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্নের মাধ্যমে মাননীয় প্রদানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের রুপকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।
বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বলেই আজকে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করতে পারছি। আমাদেও একটা জাতীয় সংগীত হয়েছে। একটি জাতীয় পতাকা হয়েছে। এই জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে আমাদের রক্ষা করতে হবে। এ বছর আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করছি।
এ বছর আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ভালো কাজ করতে চাই। তাহলে সারা বাংলাদেশে অনেক অনেক ভালো কাজ হবে। শিক্ষা মন্ত্রনালয় প্রতিটি ভালো কাজের মুল্যায়ন করবে। সে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে পুরস্কার প্রদান করা হবে। তিনি বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার পরিবেশ দেখে প্রশংসা করে বলেন একটি স্কুল মাত্র তেরো বছরে কতটুকু সাফল্য অর্জন করতে পারে বিদ্যানিকেতনে এসে উপলব্দি করতে পারছি।
চেষ্টা এবং আগ্রহ থাকলে সবকিছু করা সম্ভব এটা বিদ্যানিকেতন ট্রাষ্ট প্রমান করে দিয়েছে। এখানকার ছাত্র ছাত্রীরা একদিন দেশের মধ্যে সুনাগরিক হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা করতে পারি।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, আমার মনে হয় এই বিদ্যানিকেতন স্কুলের ছাত্রছাত্রীরা একদিন কেউ বিজ্ঞানী হবেন। কেউ ডাক্তার হবেন। কেউ শিক্ষক হবেন। কেউ সাংবাদিক হবেন।
কেউ রাজনীতিবিদ হবেন এবং কেউ সচিব হয়ে এই দেশকে নেতৃত্ব দিয়ে দেশের জন্য কাজ করবেন। ছাত্র-ছাত্রীদের কাছে আমার একটাই কথা সেটা হচ্ছে তোমরা মাদক থেকে দূরে থাকবে। অসৎ সঙ্গ ত্যাগ করবে এবং ডিজিটার ভাইরাস স্মার্টফোন থেকে দূরে থাকবে। নইলে তোমরা এই দেশকে নেতৃত্ব দিতে পারবে না ও তোমাদের লক্ষে পৌছতে পারবে না।
এছাড়া অনুষ্ঠানে বিদ্যানিকেতন হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা এহেতেশামূল হক, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক প্রমুখ।


