Logo
Logo
×

নগর জুড়ে

ডাবল সার্ভিস নিয়ে আসছে বিআরটিসির ডাবল ডেকার 

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০০ পিএম

ডাবল সার্ভিস নিয়ে আসছে বিআরটিসির ডাবল ডেকার 
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : দীর্ঘ প্রায় দুইযুগ বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস। শীততপ নিয়ন্ত্রিত বাসগুলোর তুলনায় গত ২৪ অক্টোবর চালু হওয়া ডাবল ডেকার (দ্বিতল) বাস সার্ভিস নারায়ণগঞ্জের মানুষের মন জিতে নেয়। ৭৫ টি সিটের ডাবল ডেকার এই বাস মাত্র চারটি স্টপিজে যাত্রী তুললেও পুরো রাস্তায় আর কোথাও যাত্রী উঠায়ও না, এমনকি নামায়ও না। এছাড়া সুশ্রী, মার্জিত চালক এবং টিকেট কাউন্টারে সুশৃঙ্খল সার্ভিস যাত্রীদের মন কেড়েছে। যার ফলে অন্য যে কোন পরিবহন বাদ দিয়ে মানুষ সরকারী এই বাস সার্ভিসের প্রতিই বেশি আকৃষ্ট হয়েছে। মাত্র ৩০ টাকা ভাড়ায় নারায়ণগঞ্জ ১নং রেলগেট থেকে ঢাকার গুলিস্তান সিনেমা হলের পূর্বদিকে মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে ফ্লাইওভারে করে নারায়ণগঞ্জে আসা এই বাস সার্ভিস সর্বমহলে প্রশংসিত হয়েছে। মাত্র কয়েক মিনিট পরপর গাড়ি ছাড়ায় ও যাত্রাপথে কোথাও তা থামানোয় বিআরটিসি ডাবল ডেকার সার্ভিসে সন্তুষ্ট যাত্রীরা। 

 

যাত্রীদের এই সাড়া পাওয়ায় আশান্বিত বিআরটিসি কর্তৃপক্ষও। আর তাই শহরের ১নং রেলগেট এলাকা থেকে বিআরটিসির এই বাস সার্ভিস এই রুটে চলাচলের পাশাপাশি নগরীর মেট্রোহল থেকেও আলাদাভাবে সার্ভিস দিতে শুরু করবে বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১নং রেলগেট এলাকা থেকে বর্তমানে গুলিস্তান পর্যন্ত বিআরটিসি ডাবল ডেকারের ১৫টি গাড়ি ৭ মিনিট পর পর ছাড়া হয়। আগামী ৯ ফেব্রুয়ারি নগরীর মেট্রো হল থেকে নতুন করে চলাচল শুরু করবে বিআরটিসি ডাবল ডেকার। এখানে প্রাথমিক অবস্থায় ১০টি ডাবল ডেকার চালু করবে। মেট্রো সিনেমা হল সংলগ্ন কাউন্টার ছাড়াও জেলা পরিষদ, শিবু মার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি এবং গুলিস্তান পাতাল মার্কেটের সামনে  ৬টি কাউন্টার বসবে। এই সার্ভিস চালু হলে নগরীর ১নং রেলগেটের পাশাপাশি যাত্রীরা মেট্রোহল থেকেও ঢাকায় যাওয়ার বাসসেবা পাবেন।  

 

এব্যাপারে বিআরটিসি নারায়ণগঞ্জ ডিপোর ম্যানেজার আব্দুল কাদির জিলানী বলেন, ‘আশা করছি রোববার থেকে মেট্ট্রো হল থেকে বিআরটিসির ১০টি ডাবল ডেকার দিয়ে যাত্রী পরিবহন শুরু করা যাবে। আমরা যাত্রীদের প্রচুর সাড়া পাচ্ছি। সরকারি পরিবহনে এমন সাড়া পাওয়া সত্যিই আমাদের উৎসাহিত করছে। ১নং রেলগেট থেকেও বিআরটিসি ডাবল ডেকার সার্ভিস অব্যাহত থাকবে। আমাদের উপর বাইরের কোন চাপ নেই। যাত্রীদের উন্নত সেবা দিতে পেরে ভালো লাগছে।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন