ডিআইটি রেলওয়ে কলোনিতে সিয়াম হত্যা মামলার আসামি আশিক অধরা !
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৩ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ব্রেসলেট ধার নেয়ার সূত্র ধরে হোসিয়ারি শ্রমিক সিয়ামকে হত্যা করা হয়েছিল। তার লাশ পড়েছিল ডিআইটি রেলওয়ে কলোনির পাশে একটি গুদামে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ থানায় মামলা করেছিলেন সিয়ামের বাবা সোহেল। মামলার আসামি নিলয় ও টার্গেট সাগরসহ ৫জন কয়েকজন গ্রেফতার হলেও এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মামলার ৬ নং আসামী আশিক। বাদীর অভিযোগ, তদন্তকারী কর্মকর্তাকে আশিকের অবস্থান সম্বন্ধে জানানোর পরও তাকে গ্রেফতারে পুলিশ কোন উদ্যোগ নেয় না।
হোসিয়ারি শ্রমিক সিয়াম পশ্চিম দেওভোগ পানির ট্যাকিং লিচুবাগ এলাকায় পরিবারের সাথে বসবাস করতো। ২০১৯ সালের ২৭ জানুয়ারি প্রতিদিনের মতো সকালে বাসা থেকে শহরের করিমুল্লাহ মার্কেটের চামিং হোসিয়ারি কাজ করতে গিয়েছিলেন সিয়াম। পর দিন তার লাশ পড়েছিল নারায়ণগঞ্জ শহরের ডিআইটি ব্যাংক কলোনির পাশে। পুলিশ লাশটি উদ্ধার করেছিল।
এ ঘটনার সিয়ামের বাবা নিলয়কে প্রধান আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছিল। পরবর্তীতে এই মামলার চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে নিলয়কে গ্রেফতারের পর। তদন্তে বেড়িয়ে আসে, সিয়ামের কাছ থেকে একটি ব্রেসলেট ধার নিয়েছিল নিলয়। কয়েকদিন পর সিয়াম তার ব্রেসলেটটি নিলয়ের কাছ থেকে ফেরত নিয়ে নেয়। এ নিয়ে নিলয়ের মনে ক্ষোভ ছিল। আর এ ক্ষোভ থেকেই হত্যা করা হয় সিয়ামকে।
পুলিশ নিলয়ের দেয়া তথ্য মতে গ্রেফতার করেছিল ফাহিম, সাব্বির, ইমনকে, টার্গেট সাগর কে। তারাও লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনাা পুলিশকে দিয়েছিল। হত্যাকাণ্ডের আগে হত্যাকারীরা সিয়ামকে সাথে নিয়ে ঘটনার দিন রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরেছিল। এরপর তারা রেল কলোনি এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে সিয়ামকে প্রথমে মারপিট ও পরে শ্বাসরোধ করে হত্যা করে।
এ মামলায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদনও দাখিল করেছে। তবে মামলার আসামি আশিক এখনো গ্রেফতার হয়নি। পুলিশকে নিহত সিয়ামের পরিবারের পক্ষ থেকে আশিকের অবস্থান জানানোর পরেও পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না বালেও দাবি নিহতের পরিবারের।
নিহত সিয়ামের বাবা সোহেল জানান, সিয়াম হত্যা মামলা দায়ের করার পর মামলার প্রধান আসামি নিলয়সহ বাকি আসামিদের অবস্থান পুলিশকে তারাই নিশ্চিত করেছিলেন। এরপর তাদের গ্রেফতার করা হলেও এখওনো ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে আশিক। মামলার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমানকে আসামি আশিকের অবস্থান সম্বন্ধে জানানোর পরও তাকে গ্রেফতার করছে না। এ দিকে আশিক এলাকায় প্রকাশ্যে থেকে তার পরিবারের লোকজনদের নানা রকম হুমকি দিয়ে আসছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, সিয়াম হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়েছি। মামলার আসামি আশিককে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। আসামি গ্রেফতার না করার ব্যাপারে বাদী যে অভিযোগ করেছেন তা অসত্য।


