সীমান্তে গণহত্যার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ভারতীয় সীমান্তÍ রক্ষীবাহিনী কর্তৃক সীমান্তে বাংলাদেশীদের হত্যা বন্ধ করা এবং বিদেশী কোম্পানি গ্যাজপ্রম নয়, দেশিয় কোম্পানি বাপেক্সকে গ্যাস উত্তোলনের দায়িত্ব দেয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, শিবনাথ চক্রবর্ত্তী, আবু হাসান টিপু, বিমল কান্তি দাস প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর ধরে বাংলাদেশের সীমান্তে ভারতীয় বিএসএফ হত্যাকান্ড চালাচ্ছে। গত ১০ বছরে প্রায় তিন শতাধিক নাগরিককে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কোন হত্যাকান্ডেরই বিচার হয়নি। ২০১১ সালে কুড়িগ্রাম সীমান্তে বহুল আলোচিত ফেলানী হত্যাকান্ডের বিচারও আইনি প্রক্রিয়ায় ঝুঁলে আছে।
বাংলাদেশের শাসকদের পক্ষ থেকে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে ঘোষণা দিলেও তার কোন প্রতিফলন আমরা ভারতের আচরণে দেখতে পাই না। সীমান্তজুড়ে তিনদিকে কাঁটাতারের বেড়া একদিকে সমূদ্র উপকূলে রাডার দিয়ে রাখা, ৫৪টি অভিন্ন নদীর পানি থেকে বাংলাদেশকে বঞ্চিত রাখা, বিশাল বাণিজ্য ঘাটতি, উদ্যোগহীনতা ইত্যাদি কি বন্ধুত্বের লক্ষণ?
তাঁরা আরও বলেন ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রটি দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স অনুসন্ধান, জরীপ কাজ সম্পন্ন করার পর ঐ গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের দায়িত্ব বিনা টেন্ডারে রাশিয়ার গ্যাজপ্রমকে দেয়া হয়েছে-যেটা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। যেখানে কূপ খনন করতে বাপেক্সের ৭০ কোটি টাকা লাগে, সেখানে কোটি টাকা খরচে কেন গ্যাজপ্রমকে দেয়া হবে তা বোধগম্য নয়।


