তৈমূর ভাই নিজে ভোট দেবেন, অন্যদের দেওয়াবেন : সেলিম ওসমান
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১১:৫৯ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেন, আমি তৈমূর ভাইকে (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা) রিকোয়েস্ট (অনুরোধ) করবো। আমরা পারি নাই, ওরা পেরেছে। যারা পেরেছে তাদেরকে পুরস্কৃত করেন।
আপনি কোন দল করেন, এটা বিষয়না। এটা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের হয়ে থাকলে উন্নয়নের জন্য এই ১৭ জনের প্যানেলে ভোটটি আপনিই দিবেন। এই ১৭টি ভোট আমি আপনার কাছে চাই। আপনি ১৭টি ভোট দিবেন এবং অন্যদের দেওয়াবেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিজিটাল বারভবন নির্মাণের প্রয়োজনে নিজেও হাত পাতবেন জানিয়ে সেলিম ওসমান বলেন, এই ভবনের দোতলা কমপ্লিট করতে হবে। ৮ তলা বিল্ডিং খুব সহজে হবেনা। বারভবন ৮ তলা করতে হলে ৮ বছর এই প্যানেল থাকতে হবে। তিন তলা পর্যন্ত চিন্তা করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই ভবনের উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন নির্মানাধীন বারভবনের দোতলার ছাদ পুরোপুরি ঢালাই করতে হবে। এই ১৭ জনকে জয়ী করলে এরআগেই এই ভবনের দোতলার কাজ করে দেবো।
বারভবন নির্মাণে প্রতিশ্রুত আইনমন্ত্রণালয়ের টাকা কেন এখনো দেয়া হয়নি একারণে এরতিনগুন টাকা উনাকে দিতে হবে। আমি ব্যবস্থা করবো। এই প্যানেল তিনতলা পর্যন্ত কমপ্লিট করে দেবে।
নির্বাচনের ৯৯ ভাগ ভোট এই প্যানেল পাবেন এটা সুনিশ্চিত বলে মনে করেন জানিয়ে সেলিম ওসমান বলেন, আমার একটু সন্দেহ ছিলো। আরেকটা প্যানেল ছিল, গন্ডগোল ছিলো এসব সমস্যা কেটে গেছে। আপনার যদি সত্যিই মনে প্রানে একত্রিত হন, আপনাদের সাথে কোন ক্যান্ডিডেট ছিল কিনা এটা বোঝাও অসুবিধা হবে।
আমি হাত পেতে ভোট চাইবো। নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের উন্নয়ন দেখে মরতে চাই। একসাথে কাজ করলে যত বড় সমস্যাই থাকুক না কেন, সমাধান হয়ে যাবে।
বর্তমান সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল বলেন, ‘আপনার মাঠে থাকবেন। সিনিয়রদের সাথে বেয়াদবী করার চেষ্টা চলছে। আমরা বেঁচে থাকতে একটা সিনিয়রের গায়েও আঁচড় লাগতে দেবোনা।’
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতা এম এ রশীদ ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক নারী সাংসদ এড.হোসনে আরা বাবলী, সিনিয়র আইনজীবী এড. মাসুদুর রউফ, এড. শামসুল ইসলাম ভুঁইয়া, এড. তারাজুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তাসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের ১৭ প্রার্থী।


