Logo
Logo
×

নগর জুড়ে

টোকেন কেলেঙ্কারীতে শহরে যানজট আবার পূর্বাবস্থায়

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০১:৪৩ পিএম

টোকেন কেলেঙ্কারীতে শহরে যানজট আবার পূর্বাবস্থায়
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : শহরে যানজট নিয়ন্ত্রণে গঠিত ‘নিতাইগঞ্জ যানজট নিরসন কমিটি’ সম্পূর্ন ব্যার্থ হয়েছে। বলা হচ্ছে, যে সর্ষে দিয়ে ভূত তাড়াবেন সেই সর্ষেতে অর্থাৎ এ যানজট নিরসন কমিটির মধ্যেই এখন ভূতের বসবাস। 


কথা ছিল, দিনের বেলা শহরে কোন ট্রাক ঢুকবে না, রাতে নিতাইগঞ্জ খালঘাট ও বঙ্গবন্ধু সড়কের পূর্বপাশে দু’সারিতে ট্রাক লোড আনলোড করবে। শহরে ট্রাক প্রবেশের টোকেন দেবে এ কমিটি এবং একশ’ টাকায় পঞ্চবটী ট্রাক টার্মিনাল থেকে এ টোকেন দেয়া হবে।


বর্তমানে এসব নিয়ম কেউ মানছে না। দিনের বেলাতেই অহরহ শহরে ট্রাক প্রবেশ করছে এবং বঙ্গবন্ধু সড়কের দু’পাশে তিন সারি করে লোড আনলোড হচ্ছে। শহরে ঢোকার টোকেন পাওয়া যাচ্ছে নিতাইগঞ্জে। তবে, তিন চার গুন বেশী দাম দিতে হচ্ছে। 


অভিযোগ রয়েছে, এ টোকেন নাকি জালও হয়ে গেছে। ফলে, অবাধে ট্রাক ঢুকছে। দিনের বেলা নিতাইগঞ্জ এলাকা আবার যানজটপ্রবণ হয়ে পড়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শহরে যানজট সমস্যা ব্যাপক আকার ধারণ করলে এমপি সেলিম ওসমান এ সমস্যার সমাধানে নয় সদস্যের একটি কমিটি করে দেন। এ নয় সদস্যের দু’জন ট্রাক মালিক সমিতির, দু’জন ট্রাক শ্রমিক ইউনিয়নের, দু’জন স্থানীয় লোড আনলোড কমিটির এবং প্রশাসন, সিটি কর্পোরেশন ও ব্যবসায়ী সমিতির একজন করে। 

এ কমিটি থেকে শহরে ট্রাক প্রবেশের টোকেন প্রদানের দায়িত্ব দেয়া হয় তিনজনকে। এ তিনজনের অন্যতম ট্রাক মালিক সমিতি সভাপতি শফিউদ্দিন প্রধান। অন্য দু’জনের একজন ট্রাক শ্রমিক ইউনিয়ন ও একজন লোড আনলোড শ্রমিক সমিতির। এ তিনজনের স্বাক্ষরেই টোকেন ইস্যূ করা হচ্ছে। 


প্রথম দিকে এ উদ্যোগ ব্যাপক সাফল্য পেলেও ধীরে ধীরে টোকেন নিয়ে দুর্নীতি শুরু হয়। একশ’ টাকার টোকেনের দাম তিন চারশ’ টাকায় পৌঁছে। বর্তমানে নিতাইগঞ্জ এলাকায় শ্রমিক ইউনিয়ন অফিস এবং কয়েক জন চিহ্নিত ব্যাক্তির কাছেও টোকেন পাওয়া যাচ্ছে। 


নিতাইগঞ্জ ইউনিয়ন অফিসে টোকেন বিক্রি করছে ট্রাক, ট্যাঙ্কলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি খোরসেদ আলম সাহেব। টোকেন নিয়ে এ দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে নিতাইগঞ্জে আবার পূর্বাবস্থা ফিরে এসেছে। 


অভিযোগ রয়েছে, এ টোকেন ব্যবসার নেপথ্যে রয়েছেন ট্রাক মালিক সমিতি সভাপতি শফিউদ্দিন প্রধান। সম্প্রতি এ দায় এড়াতে শফিউদ্দিন জানিয়েছেন, শহরে জাল টোকেন বিক্রি হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি সাহেব ইউনিয়ন অফিসে বসে জাল টোকেন বিক্রি করছে। 


বিশ^স্ত সূত্র জানিয়েছে, দূর্নীতি ধরা পড়ে যাওয়ার পর দায় অন্যের ঘাড়ে চাপাতে নিজেদের ছাড়া টোকেনই ‘জাল’ অপবাদ দেয়া হচ্ছে। আসলে টোকেনের অবৈধ ব্যবসায় ট্রাক মালিক সমিতি সভাপতি শফি প্রধান, শ্রমিক ইউনিয়ন সভাপতি মানিক এবং সহ সভাপতি সাহেব, সবাই এক সুঁতোয় গাঁথা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন