স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নগরীরর কালিরবাজারে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮১১০) একটি রিকশার পিছনে ধাক্কা দিলে ছিটকে পড়ে মা ও শিশু গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন রাবিয়া (৩০) ও শিশু হালিমা (৭)। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১০টার দিকে কালিরবাজার পোষ্ট অফিসের সামনে ট্রাকটি ওই রিকশার পিছনে ধাক্কা দেয়।
এসময় ওই রিকশায় থাকা মা রাবিয়া ও তার শিশু হালিমা ছিটকে পড়ে। এতে শিশু হালিমার হাত ও রাবিয়ার কোমরের নিচের অংশ ভেঙ্গে যায় এবং রিকশাটি ধুমড়ে মুচড়ে যায়।
পথচারীরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে শহরের খাঁনপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার প্রাথসিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহতরা নগরীরর নন্দীপাড়া এলাকায় ভাড়া থাকেন। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
এদিকে এ ঘটনায় সদর মডেল থানা পুলিশ ট্রাক চালক মিথুন মিয়া (২৫) কে আটক করেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পিএস,আই মোঃ সাকিব হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।


