Logo
Logo
×

নগর জুড়ে

অনেক বিচারই হয়েছে কিন্তু ত্বকী হত্যার বিচার হয় নাই : রফিউর রাব্বি

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১০:০৯ পিএম

অনেক বিচারই হয়েছে কিন্তু ত্বকী হত্যার বিচার হয় নাই : রফিউর রাব্বি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, অনেক বিচারই সম্পন্ন হয়েছে কিন্তু ত্বকী হত্যার বিচার হয় নাই। ৮২ মাস ধরে ত্বকী হত্যাসহ বিভিন্ন হত্যার বিচার আমরা চেয়ে আসছি। আমরা সাত খুনের বিচার চেয়েছি, তনু, নুসরাতের বিচার চেয়েছি। 


বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৮২ মাস পূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে ধারাবাহিক মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 


রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার বিচার হয়নি কারণ এ হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। ত্বকীর ঘাতকরা চিহ্নিত হয়েছে। এরা একটি ঘাতক পরিবার, ওসমান পরিবারের সদস্য। এই ঘাতক পরিবার ত্বকীকে হত্য করেছে। এটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের রাষ্ট্রপ্রাধন সকলেই জানে। কারণ ত্বকী হত্যার তদন্তকরারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে এটি দেশবাসীকে, বিশ্ববাসীকে জানিয়েছে যে-ওসমান পরিবারের নির্দেশে, তাদের হস্তক্ষেপে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন আমি জানি এ হত্যা কারা করেছে। আমি এর বিচার করবো। সাত বছর হলো তিনি বিচার করেন নাই। আমরা বিশ্বাস করি, আমাদের দেশের তদন্তকারী সংস্থা এবং আইন-শৃঙ্খলা বাহিনী চায় অপরাধীর বিচার সম্পন্ন করতে। তারা খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করতে পারে। আমদের দেশের এ সংস্থাগুলোতে অনেক চৌকস এবং মেধাবী লোকজন রয়েছে। আমরা অতীতে এর প্রমাণ দেখেছি। তাই আমরা চাই দ্রুত এর বিচার হোক।

 

তিনি আরও বলেন,  এই ত্বকীসহ আমাদের নারায়ণগঞ্জে বিভিন্ন সময়ে হত্যার শিকার হয়েছে চঞ্চল, মিঠু, আশিক, বুলুসহ সব হত্যার বিচার চাই। শিশু সাদমান স্বাকী চার বছর হয়ে গেল তাকে খুঁেজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সময় তাদের পরিবারকে জানানো হয়েছে যে, সে জীবীত আছে। কিন্তু এখনও উদ্ধার করতে পারে নাই। শিশুটিকে আমরা উদ্ধারের দাবি জানাচ্ছি।

 

রফিউর রাব্বি বলেন, আগামী দুইমাস পরে ত্বকী হত্যার সাত বছর পূর্ণ হবে। আমরা আশা করি  এ সাত বছর পূর্ণ হওয়ার আগেই প্রধানমন্ত্রী অপরাধীদের আইনের আওতায় এনে বিচার শুরু করার নির্দেশ দিবেন।এটি অত্যন্ত পরিতাপের বিষয় ১৬৪ ধারায় যে ঘাতকদেরর নাম এসেছে সে ঘাতকদের গ্রেপ্তার করা হয়নি। সেই আজমেরি ওসমান দল-বল নিয়ে সারা নারায়ণগঞ্জ ঘুরে বেড়ায়। এটিকে কোনো আইনের শাসন বলেনা। 

 

তিনি বলেন, যখন খুনীরা আইন প্রণেতা হয় সে রাষ্ট্রে সাধারণ মানুষের জীবনের নিরাপত্ত হতে পারেনা।তাই প্রধানমন্ত্রীকে বলবো আপনার চারপাশে ঘাতক যারা রয়েছে এদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিবেন। আপনার নিদের্শের জন্য এ বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে। আপনি নির্দেশ দিলেএ প্রক্রিয়া আবার শুরু হবে। আমরা তাই দাবি জানাচ্ছি আপনি বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ প্রদান করবেন।

 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পেরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, খেলাঘর জেলা সভাপতি রথীন চক্রবর্তী, সমমনার সভাপতি দুলাল সাহা, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক এড.আওলাদ হোসেন,  গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, শ্রমিক নেতা আবু নাইম খান বিপ্লব এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনি সুপান্থ।

 

সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সমমনার সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, শ্রমিক নেতা অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সহসভাপতি ধীমান সাহা জুয়েল, যুগ্ম সম্পাদক সুমিত রায় প্রমুখ।

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। 


ওই বছরের ১২ নভেম্বর আজমেরি ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরি ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীয় দ্রুত অভিযোগপত্র প্রদান ও বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন