সেভেন মার্ডারের বিচার হলো কিন্তু ত্বকী হত্যার বিচার হচ্ছে না:আইভী
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১০:০৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ‘নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের বিচার হলো কিন্তু ত্বকী হত্যার বিচার হচ্ছে না’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৮২ মাস পূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে ধারাবাহিক মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, দীর্ঘ সাত বছর হয়ে গেল আমরা আমাদের সন্তানের বিচার পাচ্ছিনা। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, বলছি, কিন্তু কী-জানি কী অজানা আশংকায় বিচারটি হচ্ছেনা। নারায়ণগঞ্জে সেভেন মার্ডারে বিচার হলো বিভিন্ন মার্ডারে বিচার হলো। সারা বাংলাদেশে অনেক মার্ডারের বিচার হচ্ছে। কিন্ত নারায়ণগঞ্জের ত্বকী হত্যা যেখানে স্পষ্টভাবে র্যাব তদন্ত করেছে এবং তদন্তে ১১ জনের নাম দিয়ে দিয়েছে। তারপরও কেন এ বিচার হচ্ছেনা, তা আমার বোধগম্য নয়।
তিনি বলেন, আমি রষ্ট্রের কাছে অনুরোধ করবো এ বছর মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবতায় বিশ্বাসী ছিলেন। তিনি বলেছেন, ‘এই বাংলায় একটি মানুষও না খেয়ে মরবেনা, তদ্রুপভাবে কোনো অন্যায়, অবিচার, অত্যাচারও সহ্য করা হবেনা।’ তাই মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, সারা বাংলাদেশের মধ্যে একটি আলোচিত হত্যাকাণ্ড সেটা হলো ত্বকী হত্যা। এই ত্বকী হত্যার বিচার করুন এবং যারাই করেছে, আমরা জানি কারা করেছে, একাধিকবার আমরা চিৎকার করে বলেছি। আপনি তাদের বিচার করুন।
তিনি আরও বলেন, বিচারের সংস্কৃতি যদি নারায়ণগঞ্জে চালু না হয় তাহলে এই নারায়ণগঞ্জে আরও অনেক হত্যা হতে থাকবে। যেটা আমাদের কারও কাম্য নয়। আমি রাষ্ট্রের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও অনুরোধ করবো মুজিববর্ষ উপলক্ষ্যে আমাদের আশ্বস্ত করা হোক, ত্বকী হত্যাকারীরদের বিচার করা হোক।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, নিহত ত্বকীর পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, খেলাঘর জেলা সভাপতি রথীন চক্রবর্তী, সমমনার সভাপতি দুলাল সাহা, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক এড.আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, শ্রমিক নেতা আবু নাইম খান বিপ্লব এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনি সুপান্থ।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সমমনার সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, শ্রমিক নেতা অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সহসভাপতি ধীমান সাহা জুয়েল, যুগ্ম সম্পাদক সুমত রায় প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই বছরের ১২ নভেম্বর আজমেরি ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরি ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীয় দ্রুত অভিযোগপত্র প্রদান ও বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।


