ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নাসিক’র সাংবাদিক সম্মেলন
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৫:২৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন ও সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মাধ্যমের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল আহসান, মেডিকেল অফিসার ডা.শেখ মোস্তফা আলীসহ কর্মকতা-কর্মচারীবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারাদেশের ন্যায় নাসিকের উদ্যোগে ৩৪০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৩১ হাজার ২৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সের ২১ হাজার ৭২৮ জন শিশুকে একটি করে নীল রঙের (১ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ৯ হাজার ৫৩৮ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সিটি এলাকাকে তিনটি জোনে ভাগ করে এ কর্মসুচি পালন করবে। এর মধ্যে ১নং জোনে (সিদ্ধিরগঞ্জ ১-৯ নং ওয়ার্ড) ১১০ টি টিকাদান কেন্দ্র , ২নং জোনে (নারায়ণগঞ্জ-১০-১৮নং ওয়ার্ড) ১৫০ টি টিকাদান কেন্দ্র এবং ৩নং জোনে (কদমরসুল-১৯-২৭ নংওয়ার্ড) ৮০ টি টিকাদান কেন্দ্রসহ মোট ৩৪০টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া রেল স্টেশন, বাস স্ট্যান্ড, ফেরিঘাট, লঞ্চ টার্মিনালগুলোতেও একটি করে টিকাদান কেন্দ্র রাখা হবে যাতে ভ্রমণকালীন সময়ে শিশুদের ক্যাপসুল খাওয়াতে পারে।
এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নোত্তরে নাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। এ ক্যাপসুল খাওয়ালে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোনো ঝুঁকি নেই। পার্শ্ব প্রতিক্রিয়া হলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। তবে অসুস্থ শিশুকে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।


