সুশীল পাঠক : নববর্ষের সপ্তাহব্যাপী সংস্কৃতি উৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাসেল পার্কে এখন তারুণ্যের হাট জমেছে। প্রতিদিন বিকাল তিনটায় পার্কের গেট খোলার সঙ্গে সঙ্গেই এখানে শিশু কিশোর তরুণ তরুণীর ভিড় জমে উঠে। পার্কের ভেতরে মাটির ঢিবিতে চড়ে হৈ চৈয়ের মাধ্যমে পাহাড় বিলাসে মেতে ওঠে শিশুরা। নাগরিক কোলাহল থেকে দূরে পার্কের সবুজ গাছপালা ও ফুল বাগানের মাঝে গুচ্ছবদ্ধ হয়ে গল্পগুজব ও খুনসুটিতে মেতে ওঠে তরুণ তরুণীরা। দৃষ্টিনন্দন দুটি দর্শক গ্যালারিতেও ভিড় জমে নানা বয়সের নারী পুরুষের।
মঞ্চে মূল অনুষ্ঠান শুরুর অনেক আগেই মানুষে ভরে যায় পার্ক। অনুষ্ঠান শুরু হলে যত লোক অনুষ্ঠানস্থলে থাকে তার তিনগুণ বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে পার্ক জুড়ে। দূর থেকে শ্রবনেন্দ্রিয়ের মাধ্যমেই এরা অনুষ্ঠান উপভোগ করে। অথবা বলা যায়, এদের মূল আকর্ষণ নাচগানে নয়, প্রকৃতির সৌন্দর্য্য এবং নির্জনতা উপভোগ। অনুষ্ঠানের ছুতোয় এরা পার্কে ঢুকে প্রকৃতি অবগাহনে এসেছে।
এলাকাবাসিরা জানিয়েছে, রাসেল পার্কের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। লেকের মাঝের পুল, পার্কের ভেতরের খেলার মাঠ এবং পানি নিষ্কাশন অবকাঠামো নির্মাণ এখনো সম্পন্ন হয়নি। তাই, এখনো দর্শনার্থীদের পার্কে ঢুকতে দেয়া হয় না। সাতদিনব্যাপী সংস্কৃতি উৎসব উপলক্ষে সাময়িকভাবে অনুষ্ঠান উপভোগের জন্য গেটটি বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খুলে রাখা হয়। এ সুযোগটিই গ্রহণ করেছে শহরের প্রকৃতি বিলাসী মানুষ।
অভিজ্ঞ মহলের মতে, নারায়ণগঞ্জ শহরের সংস্কৃতি চর্চা ও নাগরিক বিনোদন কেন্দ্র চাষাঢ়া শহিদ মিনার থেকে আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তন এবং রাসেল পার্কে চলে এসেছে। এ পার্ককে ঘিরে সংস্কৃতিকর্মী, বিনোদন বিলাসী ও স্বাস্থ্য সচেতন মানুষের ভীড় এখন দিন দিন বাড়ছে।


