স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শহরের চাষাড়া এলাকায় এক হকারকে পুলিশের মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সন্ধ্যায় চাষাড়া সমবায় মার্কেট থেকে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত হকাররা বন্ধ করে দেয়। এসময় পুলিশের বিরুদ্ধে হকারদের স্লোগান দিতে দেখা গেছে। সোমবার বিকেলে শহরের চাষাড়া সমবায় মার্কেটের সামনে ফুটপাতে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাষাঢ়ার ফুটপাতে বসে হকার পলাশ গেঞ্জি বিক্রি করছিল। সদর মডেল থানার টহল পুলিশ এসে তাকে সরে যেতে বলে। এক পর্যায়ে পলাশের পায়ে লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। এতে সে আহত হয়।
এ ঘটনায় সন্ধ্যার দিকে চাষাঢ়া ও আশপাশের হকাররা সমবায় মার্কেটের সামনে এসে জড়ো হতে থাকে। এসময় হকাররা সড়ক বন্ধ করে পুলিশের বিচারের দাবী জানান। পরে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন হকারদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, হকারদের উপর পুলিশ কখনো লাঠিচার্জ বা আঘাত করেনা। আমি বিষয়টি শুনেছি। যদি কোন পুলিশ সদস্য এধরনের কাজ করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর হকার্স লীগের সভাপতি ও হকার নেতা রহিম মুন্সী বলেন,হকাররা শান্ত প্রিয় । তারা কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। হকার পলাশ গেঞ্জি বিক্রি করছিল। এসময় পুলিশ তাকে সরে যেতে বলে। তার যেতে একটু দেরি হওয়াতে তাকে লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। এতে তার পা ফুলে গিয়ে মারাত্মকভাবে আহত হয়।
জানাগেছে,নারায়ণগঞ্জ শহরের হকার সমস্যা দীর্ঘদিনের। হকার নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডাঃ সেলিম হায়াত আইভী ও নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সাথে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের এক পর্যায়ে হয়েছিল সংঘর্ষ । আর কেউ সংঘর্ষে মেয়র আইভীসহ অনেকেই আহত হয়েছিলো
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সাবেক এসপি হারুন অর রশিদও বঙ্গবন্ধু সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে উচ্ছেদ অভিযান চালায়। বঙ্গবন্ধু সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক গুলোর দুই পাশে হকার না বসার নির্দেশ দেন তিনি ।
তার এই কার্যক্রমকে মেয়র আইভীসহ নারায়ণগঞ্জবাসী স্বাগত জানান । এর পর থেকেই হকার যেনো না বসতে পারে তার জন্য পুলিশের বিশেষ টহল টিম প্রতিনিয়ত বঙ্গবন্ধু সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে টহল অব্যাহত রাখে। এই হকারদের নিয়ে পুলিশের চোর পুলিশ খেলা খেলতে হচ্ছে ।


